জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গত মাসে গ্রিক অর্থোডক্স খ্রিষ্টানদের ওই গির্জায় হামলায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হন।
গত ২৩ অক্টোবর জর্ডানের কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠান চলছিল। এ সময় বন্দুকধারীরা সেখানে ঢুকে গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর তিন ব্যক্তি পালিয়ে যান। তাদের মধ্যে দুজন আপন ভাই এবং অন্যজন তাদের আত্মীয়। হামলার তিন দিন পর তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর দায়ে ওই তিন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
আদালত তাদের বিরুদ্ধে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত বলে রায় দিয়েছেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে এই হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ খ্রিষ্টান।
এএম