সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের ক্যাপ্টেন হুদা আল মুসাল্লামি আমিরাতের প্রথম নারী পাইলট হিসেবে ট্রেনিং ক্যাপ্টেন যোগ্যতা অর্জন করেছেন। ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে ইতোমধ্যে বিভিন্ন দেশের ও নানা অভিজ্ঞতার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছেন হুদা। এই দায়িত্বকে তিনি পেশাগত কর্তব্যের পাশাপাশি একটি জাতীয় দায়িত্ব হিসেবে দেখছেন।
ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানে কর্মরত মোট আমিরাতি নাগরিকদের মধ্যে ৭৫ শতাংশই নারী, যারা ফ্লাইট ডেক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত দায়িত্ব সামলাচ্ছেন। ইতিহাদ আমিরাতি নারীদের স্বপ্নকে ডানা মেলে উড়তে সাহায্য করে। হুদার এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য দিগন্ত প্রসারিত করলেন।
২০০৩ সালে এভিয়েশন শিল্পে পা রাখা হুদা ২০১৪ সালে ইতিহাদ এয়ারওয়েজে যোগ দেন। ২০২৩ সালে তিনি ক্যাপ্টেন হন এবং ২০২৬ সালে টাইপ রেটিং ইন্সট্রাক্টর হওয়ার যোগ্যতা পান। বর্তমানে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চালানোর অধিকারপ্রাপ্ত হুদার আকাশপথে ১০ হাজার ঘণ্টারও বেশি ওড়ার অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি এয়ারবাস এ৩৩০, এ৩৪০ এবং বোয়িং ৭৭৭ চালনা করেছেন। এভিয়েশন ম্যানেজমেন্টে স্নাতক এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ইনফরমেশন সিস্টেমে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।
সূত্র: গালফ নিউজ