উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় দুই ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে এর আগে ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
সংবাদমাধ্যম আলজাজিরা আগেই জানিয়েছিল, বেইত লাহিয়ায় একদল লোকের ওপর ইসরাইলি সেনাবাহিনী গুলি চালালে দুই ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হন।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুজন ব্যক্তি ‘হুমকি’ দেওয়ার পর তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করার পর নিহত হন। এই ‘ইয়েলো লাইন’ হলো ইসরাইল-অধিকৃত সামরিক সীমারেখা, যা ফিলিস্তিনিদের অতিক্রম করার অনুমতি নেই।
সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে যে, স্যাটেলাইট চিত্র প্রমাণ করে যে ইসরাইলিসামরিক বাহিনী এই রেখাটি তৈরি করা হলুদ কংক্রিটের ব্লকগুলোকে গাজা উপত্যকার আরও গভীরে সরিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ জুড়ে ইসরাইলি নিয়ন্ত্রণ প্রসারিত হচ্ছে।
বেইত লাহিয়ায় দুই ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গাজায় ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ অব্যাহত থাকার অভিযোগ রয়েছে।