ইসরাইলের দখলদারিত্ব ও গাজায় চলমান পরিস্থিতি নিয়ে কথা বলায় নিজেসহ আরও ১০ ব্রিটিশ এমপিকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সমালোচনা করে এক বিবৃতি দিয়েছেন ব্রিটিশ রাজনীতিক জেরেমি করবিন। তিনি ফিলিস্তিনিদের শান্তি, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে কথা বলে যাবেন বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দেওয়া এক পোস্টে করবিন বলেন, তিনি বিভিন্ন সময়ে ফিলিস্তিনের সব অঞ্চলে সফর করেছেন এবং সেখানে ইসরাইলি দখলদারিত্বের ভয়াবহতা প্রত্যক্ষ করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ, মানবিকতা ও দৃঢ়তাও তিনি দেখেছেন বলে উল্লেখ করেন।
করবিন বলেন, ইসরাইলের ‘বর্ণবাদী ব্যবস্থা’র সবচেয়ে বড় ভুক্তভোগী ফিলিস্তিনিরা। তাদের স্বাধীনতা চরমভাবে খর্ব করা হয়েছে। একই সঙ্গে হাজারো ফিলিস্তিনি শরণার্থীকে নিজ ভূমিতে ফেরার অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে।
গাজায় ‘গণহত্যা’র বিষয়টি নিয়ে বিশ্ব যখন সচেতন হচ্ছে, তখন ইসরাইলের পক্ষ থেকে জাতিসংঘের তদন্তকারী ও আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
করবিন বলেন, ইসরাইল তার কর্মকাণ্ড বিশ্বকে দেখাতে চায় না। তবে সত্য প্রকাশের প্রচেষ্টা কখনোই বন্ধ করা যাবে না।
তিনি আরো বলেন, ‘এটাই আসল কেলেঙ্কারি। ইসরাইলের এই গণহত্যা বিনা বিচারে পার পেতে পারে না—আর আমি ফিলিস্তিনি জনগণের শান্তি, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে কথা বলে যাব।
এমএমআর