ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরো অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮০ জনে।
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত দৈনিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় নিহত ছয়জনের মধ্যে চারজন নতুন করে প্রাণ হারিয়েছেন। বাকি দুজন আগে আহত হয়েছিলেন, পরে তাদের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরো ২৬ জন।
২০২৫ সালের ১১ অক্টোবর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় মোট ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, তথ্য যাচাই ও অনুমোদন শেষে নিহতের সামগ্রিক হিসাবে নতুন করে ১৮ জনের নাম যুক্ত হয়েছে। ২৪ অক্টোবরের পর এই প্রথম যাচাই শেষে নিহতের সংখ্যা বাড়ানো হলো।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৫৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ লাখ ৭৫ হাজার ৮৩৪ জন।
সূত্র: আলজাজিরা
এমএমআর