মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর দুই ইমাম। এ হামলাকে মহাপাপ এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিপন্থি বলে উল্লেখ করেন তারা।
মসজিদ আল-হারামের ইমাম শেখ বান্দার বালিলাহ বলেন, পবিত্র স্থান ও নিরীহ মানুষের নিরাপত্তা ‘রেড লাইন’, এটা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। । তিনি বলেন, পবিত্র কাবা ও মসজিদে নববীকে লক্ষ্য করে হামলা ইসলামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থি।
তিনি আরো বলেন, মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং তাদের পবিত্রতম স্থানগুলোকে হুমকির মুখে ফেলার মতো কর্মকাণ্ড পবিত্র স্থানগুলোর মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং নিরপরাধ মানুষের জীবনকে বিপন্ন করে তোলে।
বালিলাহ বলেন, ‘যারা আল্লাহর পবিত্র ঘর এবং তার নবীর মসজিদকে লক্ষ্যবস্তু করার দুঃসাহস দেখায়, তাদের সঙ্গে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই।’
অন্যদিকে মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মুহসিন আল-কাসিম বলেন, মক্কা-মদিনাকে হুমকির মুখে ফেলা এই হামলা এমন এক ধরনের সন্ত্রাসবাদের বহিঃপ্রকাশ, যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং মুসলমানদের রক্ত ঝরানোকে বৈধতা দেয়।
সৌদি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করে। জোটের দাবি, এটি মক্কা লক্ষ্য করে হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা; এর আগে ২০১৭ সালের জুলাইয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
সূত্র: সৌদি গেজেট
আরএ