হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন ট্রাম্প জামাতা কুশনার

আলজাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। ছবি: রয়টার্স

ইরানের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এসব বৈঠকের কথা প্রকাশ্যে স্বীকার করলেন তিনি।

কুশনার আরো জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংকটের সমাধানে ট্রাম্পকে সহায়তা করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে কাজ করছেন তিনি। তবে ইরানের বিরুদ্ধে আরো সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি কুশনার। তার ভাষ্য, ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।

এমডি মিটস পডকাস্টে ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কুশনার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় তার হাতে সব বিকল্প খোলা রাখেন।’

কুশনার জানান, ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প অত্যন্ত মনোযোগী। সংকট মোকাবিলায় তিনি একটি বিশেষ দলও গঠন করেছেন।

সাক্ষাৎকারে ইরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে কুশনার বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি।’ তবে এসব বৈঠক কখন অনুষ্ঠিত হয়েছে, কারা অংশ নিয়েছিলেন কিংবা কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

কুশনার আরো বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরান পরিস্থিতির একটি সমাধান খুঁজে বের করতে ট্রাম্পকে সহায়তা করছেন তিনি। এ কাজে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে দায়িত্ব পালন করছেন।

ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন দিতে ইউরোপীয় দেশগুলো যথেষ্ট ভূমিকা রাখছে কি না, সে প্রশ্নও করা হয় কুশনারকে। জবাবে তিনি বলেন, ‘ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের কাছে অনেক কিছু প্রত্যাশা করে।’ তবে ইরান পরিস্থিতিতে ইউরোপের ভূমিকা তাকে সন্তুষ্ট করতে পারেনি বলে জানান তিনি।

কুশনারের বক্তব্যে ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একাধিক বৈঠকের বিষয়টি সামনে এসেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, কূটনৈতিক যোগাযোগ চললেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখনো যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে।

এএম

গাজা পুনর্গঠন, ফিলিস্তিনি শাসন ও শান্তি নিয়ে যা বললেন ট্রাম্প জামাতা কুশনার

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ নিহত ৬

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি আরো জোরদার করেছে ইরান

গাজায় বাস্তুচ্যুতদের তাবুতে ইসরাইলি বিমান হামলা, নিহত ২

কূটনীতিতে আগ্রহী, তবে চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান

ফিলিস্তিনি ও মুসলমানদের ‘বর্বর’ ও ‘উষ্ট্রারোহী’ বললেন ইসরাইলি মন্ত্রী

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন কার হাতে

ইরান যুদ্ধে যেভাবে নীরব বিজয়ী ওমান

‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’

মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান