হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দূষিত পানি ও চিকিৎসা সংকটে সংক্রমণের ঝুঁকি বাড়ছে গাজার শিশুদের

মিডল ইস্ট আই

মেনিনজাইটিসের জন্য চিকিৎসাধীন নয় মাস বয়সী মোহাম্মদ, গাজের আল-রানতিসি হাসপাতালে তার মা রেহাম ওয়াহদানের কোলে বসে আছে। ছবি-মিডল ইস্ট আই

যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের মধ্যে মেনিনজাইটিসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। দূষিত পানি, স্বাস্থ্যব্যবস্থার বিপর্যয় এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। অতিরিক্ত জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র, নাজুক পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং নিরাপদ পানির অভাবের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।

গাজার আল-রানতিসি শিশু হাসপাতালে গত ১০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছে দুই মাস বয়সী মোস্তফা হাল্লাউইন। তার শরীরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বর এবং পেট বারবার ফুলে যাওয়ার উপসর্গ দেখা দেওয়ার পর চিকিৎসকেরা মেনিনজাইটিস শনাক্ত করেন।

মোস্তফার মা আমাল বলেন, প্রথমে শিশুটির শরীরে ফুসকুড়ি দেখা দেয় এবং তীব্র জ্বর আসে। এরপর থেকে প্রতিদিন চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা ও স্ক্যান করছেন। তবে প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না।

মোস্তফা গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত সাম্প্রতিক শিশুদের একজন। ইসরাইলের হামলায় উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ প্রবেশেও বাধা থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ৪১৩টি সন্দেহভাজন ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯৪টি ভাইরাসজনিত এবং ১১৯টি ব্যাকটেরিয়াজনিত। এসব ঘটনার ৬৮ শতাংশই গাজা সিটিতে রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গাজাজুড়ে মেনিনজাইটিসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ‘মহামারি সতর্কতা’ জারি করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১ হাজার ৭৯০ জনের মেনিনজাইটিস শনাক্ত হয়েছে। এ রোগে মারা গেছেন ১৫ জন। শুধু অক্টোবরেই অন্তত ২৭২ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

গাজাজুড়ে বাস্তুচ্যুত মানুষের অতিরিক্ত ভিড়, অনিরাপদ পানীয় জল, ক্ষতিগ্রস্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং জরুরি স্বাস্থ্যসেবার বিপর্যয়ের কারণে সংক্রামক রোগের ঝুঁকি বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সেপ্টেম্বরে জানিয়েছিল, গাজার পানির নমুনায় জীবাণুর উপস্থিতি জানুয়ারিতে ৬ শতাংশের কম থাকলেও আগস্টে তা বেড়ে প্রায় ২০ শতাংশে দাঁড়ায়।

দূষিত পানিতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি

মেনিনজাইটিসে আক্রান্ত নয় মাস বয়সী ছেলে মোহাম্মদকে নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটছে মা রেহাম ওয়াহদানের। গাজা সিটির আল-রানতিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

যুদ্ধের সময় গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় তাদের বাড়ি ধ্বংস হয়ে যায়। এরপর থেকে রেহাম ও তার পরিবার অন্য বাস্তুচ্যুত পরিবারের সঙ্গে আংশিক ধ্বংস হয়ে যাওয়া ইসলামিক ইউনিভার্সিটির একটি কক্ষে বসবাস করছেন।

রেহাম জানান, বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলের কাছে একটি অস্থায়ী তাঁবুতে থাকা আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার এক দিন পর থেকেই মোহাম্মদের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তার ধারণা, তারা এমন এক শিশুর সংস্পর্শে এসেছিলেন, যে মেনিনজাইটিসে আক্রান্ত ছিল। সেখান থেকেই সংক্রমিত হয়েছে তার ছেলে।

তিনি বলেন, প্রায় এক মাস ধরে মোহাম্মদের প্রচণ্ড জ্বর ছিল। জ্বর কমানোর জন্য বারবার ওষুধ দেওয়া হলেও কোনো স্থায়ী উন্নতি হয়নি। কয়েকটি চিকিৎসা তাঁবু ও সেবাকেন্দ্রে নেওয়ার পর তাকে জ্বর কমানোর ওষুধ দেওয়া হয়। এতে সাময়িকভাবে জ্বর কমলেও কিছুক্ষণ পর আবার বেড়ে যেত।

পরে আল-রানতিসি হাসপাতালের চিকিৎসকেরা শিশুটির মেরুদণ্ডের নিচের অংশ থেকে তরল সংগ্রহ করে পরীক্ষা করেন। পরীক্ষায় মেনিনজাইটিস শনাক্ত হয়।

রেহাম বলেন, বাস্তুচ্যুত অবস্থায় তাদের পরিবারের নিরাপদ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। তারা দূষিত পানি পান করছেন এবং খাবারের জন্য পুরোপুরি ত্রাণ বিতরণের ওপর নির্ভর করতে হচ্ছে।

আল-রানতিসি শিশু হাসপাতালটি যুদ্ধের সময় ইসরাইলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে সেখানে মেনিনজাইটিসসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। ফলে হাসপাতালে শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

মোস্তফার মা আমাল মনে করেন, হাসপাতালের অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত আইসোলেশন ব্যবস্থার অভাবে তার সন্তানের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তিনি বলেন, সেখানে পরিচ্ছন্নতার মৌলিক সুবিধা, নিরাপদ খাবার ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই।

আমাল বলেন, ‘আমাদের শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম গাজায় প্রবেশের ব্যবস্থা করতে আমি আবেদন জানাচ্ছি। এই যুদ্ধে আমরা আমাদের বাড়িঘর ও জীবন হারিয়েছি। এখন আর সন্তানদের হারাতে চাই না।’

পরিবেশগত বিপর্যয়ে বাড়ছে সংক্রমণ

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের উপমহাপরিচালক ডা. নিদাল ঘুনাইম বলেন, আগের বছরগুলোর তুলনায় গাজায় ভাইরাসজনিত ও ব্যাকটেরিয়াজনিত—উভয় ধরনের মেনিনজাইটিসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি জানান, সংক্রমণ বৃদ্ধির পেছনে এন্টারোভাইরাসের বড় ভূমিকা রয়েছে। গাজার অবনতিশীল পরিবেশগত পরিস্থিতির সঙ্গে এ ভাইরাসের সংক্রমণের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পয়োবর্জ্য মিশে পানীয় জল দূষিত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ঘুনাইম বলেন, বৃষ্টির পানিতে গাজার অনেক এলাকা প্লাবিত হয়েছে। এতে পয়োবর্জ্য মিশে গেছে পানীয় জলের সঙ্গে। অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভবিষ্যতে আবার বন্যা হলে সংকট আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে পরীক্ষাগারের প্রয়োজনীয় উপকরণ, চিকিৎসার ওষুধ এবং রোগীদের আলাদা রাখার ব্যবস্থারও ব্যাপক ঘাটতি রয়েছে।

গাজার পরিবেশ ও পানিসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। তার মতে, পানি সরবরাহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তাই পানির সরবরাহব্যবস্থা পুনর্গঠন ও সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এদিকে আল-রানতিসি হাসপাতালে পাঁচ বছর বয়সী নাতি মোহাম্মদের শয্যাপাশে গত ১০ দিন ধরে অবস্থান করছেন দাদি রিম হামাদা। শিশুটির প্রচণ্ড জ্বর দেখা দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিম বলেন, একদিন কিন্ডারগার্টেন থেকে ফেরার পরই তার নাতির প্রচণ্ড জ্বর আসে। জ্বর কমাতে কপাল, ঘাড় ও বগলে ঠান্ডা পানির সেঁক দেওয়া হলেও কোনো উন্নতি হয়নি।

সাক্ষাৎকারের পুরো সময় শিশুটি দাদির পাশে শুয়ে ছিল। তার চোখ বন্ধ, কপালে রাখা ছিল ঠান্ডা পানির সেঁক। তবু জ্বর কমছিল না।

রিম বলেন, ‘সে আমার একমাত্র নাতি। এমন কষ্ট পাওয়ার মতো কী অপরাধ করেছে সে?’

আক্ষেপ করে তিনি আরো বলেন, ‘আমরা আর বেঁচে নেই; আমাদের জীবন যেন মৃত্যুরই সমান।’

ইয়েমেনে ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা, নরওয়ের এনজিও প্রধানের সতর্কবার্তা

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সমৃদ্ধ স্বর্গদ্বীপ বাহরাইন

ইসরাইলে জোট গড়তে ইয়াইর গোলানের দলের সঙ্গে চুক্তি আইজেনকটের

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৪

টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

মার্কিন বাহিনীর কাছ থেকে ২ জাহাজ পুনরুদ্ধার করল ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

রাশিয়া-চীনের সহায়তায় ইরানের শক্তি বাড়ার দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

তেল বিক্রির অর্থ দিয়ে ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে তুরস্ক-ইরাক