হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে সৌদি আরব বিকল্প পথে তেল পরিবহন বাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন তেল পরিবহনের পরিমাণ ২০ লাখ ব্যারেল থেকে বেড়ে ৭০ লাখ ব্যারেলে পৌঁছেছে।
সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে তেল পৌঁছে দেয় এই পাইপলাইন। সেখান থেকে তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো যায়, ফলে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কিছুটা কমে।
তবে বিকল্প পথটিও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে এবং লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি তেল পরিবহন বন্ধ করার হুমকিও দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ নৌপথে একই সঙ্গে অস্থিরতা তৈরি হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইনের উপকূলে একটি তেলবাহী জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার এ ঘটনায় উপকূলের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয় এবং তেল পরিষ্কার ও পরিবেশগত ক্ষতি সীমিত করার কাজ শুরু হয়।
সূত্র: সিবিএস নিউজ