ইরান সমর্থিত হুথি বাহিনীর একের পর এক হামলার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর রিয়াদে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন হওয়ার কথা ছিল। মঙ্গলবার আয়োজকেরা জানান, সম্মেলনটি আগামী বছর অনুষ্ঠিত হবে। নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
এবারের সম্মেলনটি ছিল আয়োজনের দশম আসর। সৌদি আরবের অর্থনীতি তেলনির্ভরতা থেকে বের করে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তির মতো খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিপুল বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনের আদলে একে অনানুষ্ঠানিকভাবে ‘মরুভূমির দাভোস’ বলা হয়।
মঙ্গলবার সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এটি আমাদের দশম এবং বিশেষ গুরুত্বপূর্ণ আয়োজন। আমরা চাই, সম্মেলনটি যেন প্রত্যাশিত পরিসর, অসাধারণ মান ও স্মরণীয় প্রভাব নিশ্চিত করতে পারে। আমাদের অংশীদারদের প্রাপ্য আয়োজন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’
এবারের সম্মেলনে গুগল ও অ্যালফাবেটের প্রেসিডেন্ট এবং প্রধান তথ্য কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের অংশ নেওয়ার কথা ছিল।
সৌদিতে হুথিদের হামলা বেড়েছে
ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-সমর্থিত হুথি বাহিনীর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত বেড়েছে। আনসার আল্লাহ নামেও পরিচিত হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন।
রিয়াদে সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
হুথিদের বারবার হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন সরকারি সংস্থা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। একজন কর্মী ও দুজন পরামর্শকের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার থেকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের সেখানে না যেতে বলা হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয় রয়েছে।
রাজধানীর একটি সরকারি সংস্থার এক কর্মী রোববার বার্তা পান। এতে বলা হয়, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূর থেকে কাজ করা হবে।’
বার্তায় আরো বলা হয়, ‘সবাইকে স্বাভাবিকভাবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’
এ ছাড়া কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদেরও বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
হুথিদের হামলায় সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগ বাড়ার মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
এএম