ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।
বুধবার ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দেন। রিপাবলিকান পার্টির একাংশের অনুপস্থিতি এবং ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে দলটির ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষের কারণে এই প্রস্তাব পাস সম্ভব হয়েছে।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না। এ ছাড়া এই সংঘাতের শুরুতে তিনি মার্কিন জনগণকে আভাস দিয়েছিলেন এটি দ্রুত শেষ হবে। তবে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো এখন অনেক বেশি চ্যালেঞ্জিং বলে প্রমাণিত হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে এটিই প্রথম প্রচেষ্টা নয়, তবে এবারই প্রথম এমন কোনো প্রস্তাব পাস হলো। এর আগের তিনটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। প্রতিনিধি পরিষদের এই সিদ্ধান্ত এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব পাসের ক্ষেত্রে গতি সঞ্চার করবে।
তবে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে পাস হলেও প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কোনো কিছুই আইনে পরিণত হয় না। আর এই কারণেই ধারণা করা হচ্ছে, নিজের ক্ষমতা সীমিত করার যেকোনো প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ভেটো দেবেন।
অবশ্য মার্কিন সংবিধান অনুযায়ী, মার্কিন সেনা কোথাও পাঠানো হবে কি-না, তা নিয়ে বিতর্ক ও ভোট দেওয়ার ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে, হোয়াইট হাউসের নয়। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালনে কংগ্রেসের একধরনের অনুপস্থিতি লক্ষ্য করা গেলেও, এবারই প্রথম তারা জোরালোভাবে নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাল।
ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণাধীন একটি কক্ষ থেকে এমন প্রস্তাব পাস হওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য সত্যিই একটি বিরল ধাক্কা।
সূত্র: আল-জাজিরা
এএম