ইসরাইলে হামাসের হামলার তৃতীয় বার্ষিকী আজ। ২০২৩ সালের ৭ অক্টোবর আজকের দিনে স্থল, নৌ ও আকাশপথে ইসরাইলে হামলা চালায় হামাস। হাজার হাজার রকেট নিক্ষেপের মধ্য দিয়ে এই হামলার সূচনা হয়।
এই রকেট হামলায় প্রতিরক্ষাব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। যদিও আইডিএফ নির্দিষ্ট করে বলেনি কতগুলো ক্ষেপণাস্ত্র এই আয়রন ডোম সিস্টেম ভেদ করেছে।
রকেট হামলার পাশাপাশি হামাস নেতৃত্বাধীন আনুমানিক ছয় হাজার সশস্ত্র সদস্য ইসরাইলের সীমান্ত ভেদ করে বিভিন্ন স্থান দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করে। গাড়ি, মোটরসাইকেল এবং কোনো কোনো ক্ষেত্রে প্যারাগ্লাইডার ব্যবহার করে ইসরাইলে পৌঁছান হামাস যোদ্ধারা।
এই সীমান্ত স্মার্ট প্রযুক্তি, বেড়া এবং কংক্রিট দিয়ে অত্যন্ত সুরক্ষিত ছিল। তারা কাছাকাছি অবস্থিত বেশ কয়েকটি ইসরাইলি সামরিক চৌকির যোগাযোগব্যবস্থা অচল করে দেয়, যার ফলে তারা অলক্ষ্যে সেই স্থাপনাগুলোতে হামলা চালাতে এবং বেসামরিক এলাকাগুলোতে প্রবেশ করতে সক্ষম হয়।
ইসরাইলের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় তারা। সেই সঙ্গে সীমান্তের কাছাকাছি অবস্থিত একাধিক ছোট বসতিতে ঢুকে পড়ে সেখানে হামলা চালায়।
সব মিলিয়ে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। ২৫১ জনকে জিম্মি করে ধরে নিয়ে হামাস।
৭ অক্টোবরের এই হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: বিবিসি
আরএ