অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পূর্বাঞ্চলে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় এক বয়স্ক ফিলিস্তিনি নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ওই নারীর নাম ফাতিমা মুকাত্তাম।
ফিলিস্তিনি চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, রামাল্লার পূর্বে বুরকা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফাতিমা মুকাত্তাম ও তার স্বামী ওয়াজিহ হামদানের ওপর হামলা চালায়।
হাসপাতাল সূত্র জানায়, ওই দম্পতি তাদের গবাদিপশু নিয়ে যাওয়ার চেষ্টা ঠেকাতে বসতি স্থাপনকারীদের বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে ফাতিমাকে ব্যাপকভাবে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
ফিলিস্তিনি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছেন। এসব হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনি কৃষক, পশুপালক ও স্থানীয় বাসিন্দারা।
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। বসতি স্থাপনকারীদের হামলা ও ফিলিস্তিনি সম্পত্তি দখলের অভিযোগ নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।
ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় অনেক সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। ফলে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি পরিবারগুলো নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।
রামাল্লার আশপাশের এলাকাতেও সাম্প্রতিক সময়ে বসতিস্থাপনকারীদের সঙ্গে স্থানীয় ফিলিস্তিনিদের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। নতুন এই হামলায় ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।