লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দর শহর মোখায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। এতে ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে। নিহত ও আহত সবাই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।
ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে মোখায় বোমা বর্ষণ করে সৌদি বিমান বাহিনী। এতে ছয়জন নিহত ও আটজন আহত হয়।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে সৌদি বিমান হামলা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।
হুথি হাইকমান্ডের তথ্য অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর—এই সাত দিনে প্রায় ৩০০টি বিমান অভিযান চালিয়েছে সৌদি বিমান বাহিনী।
গত ১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির ভিডিওও প্রকাশ করেছে গোষ্ঠীটি।
এ ছাড়া সম্প্রতি সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও কয়েক দফা হামলা চালিয়েছে হুথি বাহিনী। এসব হামলায় রিয়াদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
আগস্টের শেষ সপ্তাহ থেকে ইয়েমেনে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র হয়েছে। এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের জ্বালানি খাতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে হুথিরা।
এরপর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালি দখল করেছে হুথি যোদ্ধারা। বিষয়টি সৌদি আরবের জন্য বড় উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এত দিন বাব আল-মান্দেব প্রণালি দিয়ে নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।
এএম