মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ‘নিরাপত্তা দেওয়ার আশ্বাস’ সত্ত্বেও গত শনি-রবিবারের সাপ্তাহিক ছুটিতে ২০টিরও কম পণ্যবাহী জাহাজ এই প্রণালি দিয়ে পারাপার হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাস পেলেও জাহাজ মালিক ও পরিচালনাকারীদের কাছে হরমুজ দিয়ে চলাচলের ঝুঁকি পুরোপুরি কাটেনি। বর্তমান সময়ে ওই পথে জাহাজ চলাচলের জন্য যুদ্ধকালীন বিমার খরচও ব্যাপক বেড়েছে। ফলে নিরাপত্তার নিশ্চয়তা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে প্রণালিটি ব্যবহারে অনাগ্রহী।
জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার চারটি জাহাজ প্রণালিটি পার হয়েছে। শনিবার পার হয়েছে ১৩টি। তবে কিছু জাহাজ প্রণালিটি পার হওয়ার সময় তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখায় সেগুলোকে ট্র্যাক করতে পারেনি কেপলার। শুক্রবার ১৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছিল। রোববার বাব আল-মান্দেব প্রণালির বিকল্প পথ দিয়ে মোট ২৪টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। ওই পথে শনিবার ৩২টি এবং শুক্রবার ২২টি জাহাজ চলাচল করে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন হয়, যা সমুদ্রপথে বিশ্বব্যাপী তেল বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ। এর প্রায় ৮০ শতাংশের গন্তব্য এশিয়া।
এআরএ