সুদানের পূর্ব দারফুর ও পশ্চিম কর্দোফান রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুদানের একটি মানবাধিকার সংগঠন।
সংগঠনটির তথ্যমতে, নিহতদের মধ্যে পূর্ব দারফুরে ১২ জন এবং পশ্চিম কর্দোফানে দুজন রয়েছেন।
সুদান হিউম্যান রাইটস অবজারভেটরি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, পূর্ব দারফুর রাজ্যের ইয়াসিন এলাকার শারম, মুহাজিরিয়া, কাসিব, সালিয়া, কালাইতসহ আশপাশের কয়েকটি গ্রামে টানা তিন দিন ধরে পরিকল্পিত হামলা চালাচ্ছে আরএসএফ।
এর আগে শুক্রবার দেওয়া আরেক বিবৃতিতে সংগঠনটি জানায়, পশ্চিম কর্দোফান রাজ্যের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে প্রায় পাঁচ দিন ধরে ‘প্রতিশোধমূলক’ অভিযান চালিয়েছে আরএসএফ। এসব হামলায় বেসামরিক মানুষ হত্যা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর ফলে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, আল-সাআতা আল-জারকা ও আল-সাআতা উম আল-খাবার গ্রামের দুই তরুণকে হত্যার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য অবিলম্বে জরুরি ত্রাণ কার্যক্রম চালু, তাদের নিরাপদে যাতায়াতের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা এবং স্থানীয় উদ্যোগগুলোকে সহায়তা দিতে সব মানবিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এদিকে, এসব হামলার বিষয়ে আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়। আধাসামরিক বাহিনীটিকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার প্রক্রিয়া নিয়ে বিরোধের জেরে এ সংঘাতের সূত্রপাত। এরপর থেকে চলমান যুদ্ধে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
সূত্র: আনাদোলু
আরএ