গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি বাহিনীর চালানো এক হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন। এ দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
সামাজিকমাধ্যম এক্সে প্রকাশিত যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ ইসরাইলি সামরিক বাহিনী এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রশংসা করেন। এই অভিযানকে একটি ‘নির্ভুল অভিযান’ হিসেবে বর্ণনা করেন তারা।
এর আগে নাসের মেডিকেল কমপ্লেক্সের বরাত দিয়ে জানানো হয়েছিল, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নেতানিয়াহুর বিবৃতিতে উল্লেখ করা হামলাটি ওই ঘটনাই কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
এদিকে খান ইউনিসের উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজার অন্যান্য এলাকাতেও হতাহতের খবর পাওয়া গেছে। গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক নারী।
নেতানিয়াহু ও কাৎজের যৌথ বিবৃতিতে এসব হামলা ও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল জাজিরা
আরএ