হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে সতর্কতা জারির পর গোষ্ঠীটি এ হামলার তথ্য জানায়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত অক্টোবরে হুথিদের ভয়াবহ হামলার পর নিরাপত্তার কারণে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম প্রায় দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল সৌদি কর্তৃপক্ষকে। অক্টোবরের শেষ দিকে বিমানবন্দরটি সীমিত পরিসরে আবার চালু করা হয়।

বুধবার ভোরে সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে রিয়াদ প্রদেশের বাসিন্দাদের সতর্ক করে জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্মে একটি বার্তা প্রকাশ করা হয়। এতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে কিছু সময় পরই সতর্কবার্তাটি প্রত্যাহার করে নেওয়া হয়।

রিয়াদের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে হুথিদের হামলার দাবি এবারই প্রথম নয়। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর গত অক্টোবরের শুরুতেও বিমানবন্দরটিতে ভয়াবহ হামলা চালিয়েছিল গোষ্ঠীটি। ওই ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। পরবর্তী সময়ে নিরাপত্তাঝুঁকির কারণে বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। প্রায় দুই সপ্তাহ পর অক্টোবরের শেষ দিকে সীমিত আকারে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়।

এদিকে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ২০টির বেশি হামলা ও হামলার চেষ্টা চালিয়েছে হুথিরা।

ইয়েমেনের রাজধানী সানা ২০১৪ সালে দখলে নেওয়ার পর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে হুথি বিদ্রোহীরা। দীর্ঘদিনের মধ্যস্থতা ও আলোচনার পর ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইরানকে কেন্দ্র করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বিস্তৃত হওয়ার পর সৌদি আরব ও ইয়েমেনের সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।

লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা সৃষ্টি করার পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরীণ বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার মাধ্যমে রিয়াদ এবং দেশটির পশ্চিমা মিত্রদের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে হুথিরা।

সূত্র: এএফপি

এআরবি

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন