হোম > বিশ্ব > পাকিস্তান

পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে আল্লামা ইকবাল, ভারত-পাকিস্তানকে এক সুতোয় বাঁধল উর্দু কবিতা

আলজাজিরা

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) ইসলামাবাদ সদর দপ্তরে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে শেনঝৌ-২৪ মহাকাশযানের উৎক্ষেপণ দেখানো হচ্ছে। পর্দায় রয়েছেন পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী। ২৫ নভেম্বর উপস্থিত ব্যক্তিরা উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। ছবি- রয়টার্স

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে ভেসে থাকার সময় বুধবার নিজের দেশের এক কবির স্মরণাপন্ন হলেন মুহাম্মদ জিশান আলী। সবুজ-সাদা পাকিস্তানি পতাকাখচিত নীল রঙের মহাকাশযাত্রার পোশাক পরা পাকিস্তানের প্রথম নভোচারী তখন পাঁচজন চীনা সহযাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় তিনি পাকিস্তানের জাতীয় কবি মুহাম্মদ ইকবালের একটি দ্বিপদী আবৃত্তি করেন।

‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায় / অভি ইশ্‌ক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ দুটি পঙ্‌ক্তির মাঝখানে কিছুক্ষণ বিরতি নেন জিশান। এরপর প্রথম পঙ্‌ক্তিটি আবার উচ্চারণ করে পুরো কবিতাটি শেষ করেন। মহাকাশে ভেসে থাকার সময় নিজেকে স্থির রাখারও চেষ্টা করছিলেন তিনি।

এরপর সাবলীলভাবে মান্দারিন ভাষায় কথা বলতে শুরু করেন তিনি। চীনা সহযাত্রীদের কাছে কবিতাটির অর্থও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘তারকারাজির ওপারে রয়েছে অসংখ্য জগৎ, আর সামনে এখনো অপেক্ষা করছে অসংখ্য পরীক্ষা।’

ধন্যবাদ জানিয়ে হাসিমুখে আবৃত্তি শেষ করলে মহাকাশযানের অন্য সদস্যরা করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানান। এরপর তারা শূন্যে ভেসেই একে অপরকে জড়িয়ে ধরেন এবং হাসি-আনন্দে মেতে ওঠেন। তবে পৃথিবী থেকে মহাকাশের কক্ষপথে ইকবালের কবিতা পৌঁছানোর ঘটনা এটিই প্রথম নয়।

১৯৮৪ সালে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছিল। সে সময় মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় রাকেশ শর্মা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক প্রশ্নের জবাবে ইকবালের কবিতার পঙ্‌ক্তি উল্লেখ করেছিলেন। ইন্দিরা গান্ধী তাকে জানতে চেয়েছিলেন, ওপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে।

১৯৯৭ সালে ভারতীয় বংশোদ্ভূত আরেক নভোচারী কল্পনা চাওলাও মহাকাশে থাকাকালে ইকবালের কবিতা শুনেছিলেন। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল তার সঙ্গে মহাকাশ থেকে কথোপকথনের সময় কবিতাটি আবৃত্তি করেছিলেন। গুজরাল সেই দ্বিপদীর প্রথম পঙ্‌ক্তিটি বলেছিলেন, যা কয়েক দশক পর জিশান আলী তাঁর চীনা সহযাত্রীদের সামনে আবৃত্তি করেন।

পাকিস্তান দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ (বাঁয়ে) ও জাতীয় কবি আল্লামা ইকবালের (ডানে) প্রতিকৃতি হাতে ইমামিয়া স্টুডেন্টস অর্গানাইজেশনের সমর্থকেরা। ২৩ মার্চ ২০০৯ লাহোরে। ছবি-ইপিএ

ইকবাল কে ছিলেন?

ইকবাল ছিলেন একজন কবি, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ। বিংশ শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ এশিয়ায় মুসলিম রাজনীতির বিকাশে তার চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

১৮৭৭ সালের ৯ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে পড়াশোনা করেন। আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি দর্শনে ডক্টরেট ডিগ্রিও লাভ করেন।

দক্ষিণ এশিয়াজুড়ে তিনি এখনো ‘আল্লামা’ নামে পরিচিত। আল্লামা শব্দের অর্থ জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি। ইকবাল মূলত ফারসি ও উর্দু ভাষায় কবিতা লিখতেন। তার ফারসি কবিতা ইরানেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সেখানে তিনি ‘ইকবাল-এ-লাহোরি’ নামে পরিচিত, যার অর্থ লাহোরের ইকবাল।

১৯৩০ সালে এলাহাবাদে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করার সময় তিনি পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে একত্র করে একটি স্বশাসিত রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। রাষ্ট্রটি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে অথবা এর বাইরে থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

যদিও ওই বক্তব্যে তিনি ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করেননি, তার প্রস্তাব পরবর্তী সময়ে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে থাকা বুদ্ধিবৃত্তিক ধারণা হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানে তাকে প্রায়ই সেই ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়, যিনি দেশটির স্বপ্ন দেখেছিলেন।

১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মারা যান ইকবাল। ভারত ভাগের মাধ্যমে ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার নয় বছর আগেই তার মৃত্যু হয়।

ভারতের বেঙ্গালুরুতে ভিআইটিএম মিলনায়তনে নাসা ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) সঙ্গে এক আলোচনাসভায় সাবেক ভারতীয় নভোচারী রাকেশ শর্মার (ডানে) সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছেন নাসার প্রশাসক বিল নেলসন। ২৯ নভেম্বর ২০২৩, ছবি- রয়টার্স।

ভারতের প্রথম নভোচারী কখন ইকবালের কবিতা আবৃত্তি করেছিলেন?

ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি-১১ মহাকাশ অভিযানে অংশ নেন। তিনি স্যালিউট-৭ মহাকাশ স্টেশনে প্রায় আট দিন অবস্থান করেন।

ওই বছরের এপ্রিল মাসে টেলিভিশনে প্রচারিত এক কথোপকথনে তার সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেন, ‘উপর সে ভারত ক্যায়সা দিখতা হ্যায় আপকো?’ অর্থাৎ, ওপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?

জবাবে শর্মা বলেন, ‘জি, ম্যায় বাগায়ের কিসি ঝিঝক কে কহ সকতা হুঁ কে সারে জাহাঁ সে আচ্ছা।’ অর্থাৎ, ‘আমি কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি, পুরো বিশ্বের চেয়েও সুন্দর।’

তার এই উত্তরে ইকবালের বিখ্যাত কবিতা ‘তারানা-এ-হিন্দি’র উল্লেখ ছিল। ১৯০৪ সালে লেখা ওই কবিতায় রয়েছে বিখ্যাত পঙ্‌ক্তি—‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’। এর অর্থ, ‘পুরো বিশ্বের চেয়ে সুন্দর আমাদের ভারত।’

পরবর্তী সময়ে গান হিসেবে রূপ পাওয়া ‘সারে জাহাঁ সে আচ্ছা’ ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগীত হয়ে ওঠে। এখনো এটি দেশটির সবচেয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর একটি। ভারতের সেনাবাহিনীর ব্যান্ডও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিয়মিত গানটি পরিবেশন করে।

ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা। ছবি-এপি

মহাকাশ অভিযানের সময় ভারতের প্রধানমন্ত্রী কখন ইকবালের কবিতা উদ্ধৃত করেছিলেন?

ভারতের হরিয়ানা রাজ্যে জন্ম নেওয়া কল্পনা চাওলা ১৯৯৭ সালের ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের মহাকাশযান কলাম্বিয়ায় চড়ে প্রথমবার মহাকাশে যান। ২০০৩ সালে দ্বিতীয়বার মহাকাশ অভিযানে গিয়ে পৃথিবীতে ফেরার পথে মহাকাশযানটি ভেঙে পড়লে সহযাত্রীদের সঙ্গে তিনিও নিহত হন।

বর্তমান পাকিস্তানের জেহলামে জন্ম নেওয়া গুজরাল উর্দু ভাষায় সাবলীল ছিলেন এবং কবিতার প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। ১৯৯৭ সালের মহাকাশ অভিযানের সময় কলাম্বিয়া থেকে কল্পনা চাওলার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি ইকবালের কবিতার প্রসঙ্গ তোলেন।

গুজরাল বলেন, ‘আমাদের উপমহাদেশে অত্যন্ত পরিচিত একজন কবি ইকবালের একটি কথা আছে।’ এরপর তিনি সেই একই দ্বিপদীর প্রথম পঙ্‌ক্তিটি আবৃত্তি করেন, যা প্রায় তিন দশক পর জিশান আলী আবৃত্তি করবেন।

গুজরাল তাকে প্রশ্ন করেন, ‘তারকারাজির ওপারে আরো অনেক জগৎ রয়েছে। আর এখন আপনি সেগুলো দেখেছেন। সেগুলো দেখে আপনার কেমন লাগছে?’

জবাবে কল্পনা চাওলা বলেন, ‘এটি খুবই বিশেষ এক অনুভূতি... আপনি যা বলছেন, তা সত্যিই বাস্তব হয়ে উঠেছে। এটি যেন অন্ধকার আকাশের একটি গম্বুজ, যার চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য তারা। আর দৃশ্যটি অনেকটা রূপকথার গল্পের মতো।’

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১২ সন্ত্রাসী নিহত

ইমরান খানের কারাবাস, মামলা ও রাজনৈতিক লড়াই

চীনের মহাকাশ স্টেশনে পৌঁছালেন পাকিস্তানের নভোচারী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

পাকিস্তানে ৮০০ কেজি গাধার গোস্তসহ জীবন্ত কুকুর-শিয়াল ও গাধা জব্দ

পাকিস্তানে কমল পেট্রোলের দাম

সৌদিতে হুথিদের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি

ম্যান্ডেলার মতো উত্থান, মুরসির মতো পরিণতি—কোন পথে ইমরান খান

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী বৈঠক ইসলামাবাদে