মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠক শেষ, যৌথ সামরিক কার্যক্রমের কাঠামো নির্ধারণে আলোচনা
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা জোটের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির (এসপিডিসি) তৃতীয় বৈঠক শেষ হয়েছে। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় আড়াই ঘণ্টা ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
উচ্চপর্যায়ের এ বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা এবং বিশেষ চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়। রাওয়ালপিন্ডিতেও স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছিল।
জোটের তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত এসপিডিসি বৈঠকে ইয়েমেনে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
পাকিস্তানের এক কর্মকর্তা জানান, বৈঠকে জোটের কার্যক্রম পরিচালনার জন্য মানসম্মত পরিচালন পদ্ধতি (এসওপি) চূড়ান্ত করা, বাস্তবায়ন প্রক্রিয়া গড়ে তোলা এবং তিন দেশের রাজনৈতিক, প্রতিরক্ষা ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ব্যবস্থা নির্ধারণের বিষয়েও আলোচনা হওয়ার কথা।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন। তিনি বলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে চলমান অস্থিরতা বৈঠকের আলোচ্যসূচিতে অবশ্যই থাকবে।
আসিফ আরও বলেন, চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। বিষয়টি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
যেভাবে গঠিত হলো প্রতিরক্ষা জোট
গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে বাকি দুই দেশ সামরিক সহায়তাসহ সম্ভাব্য সব উপায়ে আক্রান্ত দেশকে সহযোগিতা করতে বাধ্য থাকবে।
জোটের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এসপিডিসি। এর কার্যক্রম সমন্বয়ের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। সদস্য দেশগুলোর কর্মকর্তাদের নিয়ে একটি কার্যনির্বাহী কমিটিও কাজ করছে।
তুরস্কের চুক্তিটি অনুমোদনের মধ্য দিয়ে তিন দেশের সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে জোটের প্রাতিষ্ঠানিক ও কার্যক্রম পরিচালনার কাঠামো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খাজা আসিফ।
গত ৫ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত এসপিডিসির জরুরি বৈঠকে যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে জাতীয় আইন মেনে সম্মত বাহিনী ও সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েনের ব্যবস্থাও রয়েছে।
আঞ্চলিক উত্তেজনা ও ইরান প্রসঙ্গ
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। তিন দেশই আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরোধ সক্ষমতা বাড়াতে আগ্রহী। তবে তাদের কৌশলগত অগ্রাধিকারে পার্থক্য থাকায় জোটের কার্যপরিধি নির্ধারণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সৌদি আরবের ওপর সরাসরি ইরানি হামলা হলে জোট কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি খাজা আসিফ। তবে তিনি ইসরায়েলের পক্ষ থেকে আঞ্চলিক দেশগুলোর ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ইসরায়েলের পক্ষ থেকে সংঘাত বা আগ্রাসনের সম্ভাবনা রয়েছে। তাই এ অঞ্চলের দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’
এদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তানের উদ্যোগে তেহরানে তিন দেশের প্রতিনিধি ও ইরানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকও সেই প্রচেষ্টার অংশ।
এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় চালু ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পথনকশা তৈরিতে মধ্যস্থতা করেছিল পাকিস্তান। তবে দুই পক্ষের পাল্টাপাল্টি চুক্তি লঙ্ঘনের অভিযোগে সেই সমঝোতা ভেঙে যায়। এরপর কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কয়েক মাস ধরে কূটনৈতিক তৎপরতা চলে।
খাজা আসিফ বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তান অত্যন্ত গঠনমূলক ভূমিকা পালন করেছে। তবে চলমান মধ্যস্থতার পরিস্থিতি এখনো নাজুক এবং প্রত্যাশিত মাত্রায় শান্তি প্রতিষ্ঠিত হয়নি।
এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের সাম্প্রতিক সামরিক মোতায়েনের মধ্যে জেএফ-১৭ যুদ্ধবিমান, ড্রোন ও এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। এসব মোতায়েন জোট গঠনের আগেই দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে করা হয়েছিল। তবে বিদ্যমান এসব ব্যবস্থাও এখন ত্রিপক্ষীয় কাঠামোর অংশ হয়ে উঠবে।
অন্যদিকে তুরস্ক চুক্তিটির প্রতিরক্ষামূলক চরিত্রের ওপর গুরুত্ব দিয়েছে এবং ইয়েমেনের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
সূত্র: ডন
এমএমআর