পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত আট সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেরা ইসমাইল খান জেলায় এ অভিযান চালানো হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। নিহতদের মধ্যে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর তিন কমান্ডারও রয়েছেন।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এর এক দিন আগে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে আরো ১১ জন নিহত হয়।
পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে সীমান্তপারের সন্ত্রাসী হামলা বেড়েছে। সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা আগস্টের ১৯৯টির তুলনায় ১৩ শতাংশ বেশি এবং ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ।
ইসলামাবাদ আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা বন্ধে কাবুলের প্রতি বারবার আহ্বান জানালেও দুই দেশের মধ্যে এ নিয়ে বিরোধ এখনো অমীমাংসিত রয়েছে।
আরএ