টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১২টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী একত্র হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই দিকেই যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে টঙ্গী থেকে গাজীপুরা বাসস্টেশন পর্যন্ত এলাকায় ছিনতাইয়ের প্রকোপ ব্যাপকভাবে বেড়েছে। তাদের দাবি, শুধু গত কয়েক দিনে প্রায় ২০ জন শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এছাড়া প্রতিদিন সাধারণ মানুষ ৬০-৭০টি ছিনতাইয়ের ঘটনার মুখোমুখি হচ্ছেন, যেখানে হামলা ও রক্তপাতের ঘটনাও ঘটছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সাজিদ মারজান নাফি বলেন, ছিনতাইকারীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে টঙ্গী এলাকার মানুষ রাত-দিন নির্বিশেষে আতঙ্কে আছেন। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা সম্পদ কেড়ে নিচ্ছে, এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে। এসব বন্ধে পুলিশের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি, কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ না নিলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।

ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দীপু ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের অভিযোগ শোনেন।

তিনি বলেন, ছিনতাই প্রতিরোধে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টহল দল মাঠে কাজ করছে। শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে আমরা অত্যন্ত সচেতন এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা চলছে।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরদার হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন