নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে আটকে পড়েছে দেশের অর্থনীতি। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংঘাতের মতো আন্তর্জাতিক সংকটের অভিঘাতের সঙ্গে যুক্ত হয়েছে দুর্বল রাজস্ব আয়, ব্যাংক খাতের সংকট, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি ঘাটতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি। এতে একদিকে উৎপাদন ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়ে প্রবৃদ্ধি কমছে, অন্যদিকে সরবরাহ সংকট ও বাড়তি ব্যয়ের কারণে মূল্যস্ফীতি বেড়েই চলেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষেও প্রবৃদ্ধি দুর্বল এবং মূল্যস্ফীতি উচ্চ থাকার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় এবং ক্রয়ক্ষমতা কমছে, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। এই চক্র থেকে বের হতে ব্যাংক, রাজস্ব ও জ্বালানি খাত সংস্কারের পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন ও সরবরাহ বাড়ানো জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
সংশ্লিষ্টরা বলছেন, করোনার পর থেকে বিশ্ব অর্থনীতিতে সংকট তৈরি হয়। সে সংকটের ধাক্কা সামলে অনেক দেশ স্বাভাবিক অবস্থায় ফিরলেও বাংলাদেশ এতে ব্যর্থ হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর জন্য যেসব সংস্কারের প্রয়োজন ছিল, সেগুলো না করার কারণে এ সংকট থেকে বের হতে পারেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহে অনিশ্চয়তা বেড়েছে। ফলে বাংলাদেশের সংকটে নতুন মাত্রা যোগ হয়েছে। দুর্বল রাজস্ব আয়, বিনিয়োগে মন্থর গতি, বিগত আওয়ামী লীগ আমলে চরম দুর্নীতি ও লুটপাটের ফলে বিপর্যস্ত অর্থনীতির কারণে গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে দেশ।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আমার দেশকে বলেন, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ধনাত্মক হলেও ক্রমান্বয়ে সেটা কমছে। বাংলাদেশের অর্থনীতির নিজস্ব যে শক্তিমত্তা রয়েছে, তাতে বাড়তি কিছু না করলেও তিন-চার শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু আমাদের জিডিপির প্রবৃদ্ধি চার শতাংশের নিচেও নেমে এসেছে। এ হিসাবে বাংলাদেশের অর্থনীতির গ্রোথ মন্দাবস্থায় রয়েছে। অপরদিকে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে বাড়ছে। মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে উঠে গেছে। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে যে ধরনের পলিসি রিফর্ম প্রয়োজন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনের দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি।
তিনি আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানি সংকট, ব্যাংক খাতে খেলাপি ঋণ, দুর্বল রাজস্ব আয় এবং বিনিয়োগ মন্দার কবলে রয়েছে অর্থনীতি। আমাদের বিরাজমান সমস্যাগুলো সম্পর্কে সবাই অবগত। সংকট সমাধানে কী করতে হবে, সেটাও সবাই জানে। তবে এ ব্যাপারে আমরা কিছু করছি নাÑএমন নয়। আমরা একবার ডানে যাচ্ছি, আবার বাঁয়ে যাচ্ছি। কিন্তু সংকট সমাধানে গভীরভাবে কিছু করছি না। যদি কেউ চোখ বন্ধ করে গাড়ি চালান, তাহলে সেটা এক সময় কোথাও না কোথাও ধাক্কা খাবে।
আমরাও এভাবেই চলছি। ফলে আমরা গন্তব্যে পৌঁছাতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী আমার দেশকে বলেন, সামষ্টিক অর্থনীতির সূচকগুলো নিম্নমুখী রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে হবে। তা না হলে ভবিষ্যতে সংকট আরো তীব্র হয়ে উঠবে।
দেশের বর্তমান পরিস্থিতি বিনিয়োগ অনুকূল নয় মন্তব্য করে তিনি বলেন, বিনিয়োগের জন্য পরিবেশ ও আস্থা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও বিনিয়োগের সে পরিবেশ তৈরি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানির সংকট ও মূল্যবৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। মুনাফার যে নিশ্চয়তা, সেটা না হলে দেশি কিংবা বিদেশি কোনো বিনিয়োগকারীই এগিয়ে আসবে না বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫.৭৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৪.২২ শতাংশে। ২০২৪-২৫ অর্থবছরে আরো কমে ৩.৪৯ শতাংশে নেমে আসে। সাময়িক হিসাব অনুযায়ী বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪.১৪ শতাংশ। যদিও লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে পাঁচ শতাংশ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১০-এর দশক, অর্থাৎ ২০১০-১১ থেকে ২০১৯-২০ অর্থবছরে গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.৪০%। অপরদিকে ২০২০-২১ থেকে ২০২৪-২৫ সময়ে গড় প্রবৃদ্ধি হয়েছে ৫.৫১%। এ হিসাবে আগের দশকের তুলনায় বিগত পাঁচ বছরে গড় প্রবৃদ্ধির পরিমাণ কমেছে এক শতাংশ পয়েন্ট।
অন্যদিকে বিগত কয়েক বছর ধরে বিরাজ করছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি। ২০২২-২৩ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯.০২%। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৯.৭৩ শতাংশে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি আরো বেড়ে ১০.০৩ শতাংশে পৌঁছায়। ২০২৫-২৬ অর্থবছরে কিছুটা কমে গড় মূল্যস্ফীতি ৮.৬৮ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর চার মাসে গড় সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩০%। সবশেষ অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৭ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮.৩৪%। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬.৪০% হলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ।
খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও জ্বালানি, পরিবহন, বাসা ভাড়া ও অন্যান্য সেবায় ব্যয় বৃদ্ধির চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় কমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৬৩ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে মানুষের আয় বাড়ার তুলনায় ব্যয় বেশি বাড়ছে এবং প্রকৃত ক্রয়ক্ষমতা কমছে। তাই সামগ্রিক মূল্যস্ফীতির সামান্য নিম্নমুখী প্রবণতা সাধারণ মানুষের জন্য স্বস্তির নিশ্চয়তা দিচ্ছে না।
নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি দেশের শ্রমবাজারেও সংকট ঘনীভূত হচ্ছে। বিবিএসের হিসাবে ২০২৩ সালে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৬০.৯০ শতাংশ; ২০২৪ সালে তা কমে ৫৮.০৮ শতাংশে নেমেছে। একই সময় নারীদের অংশগ্রহণ ৪১.৫০ থেকে ৩৮.৪০ শতাংশে নেমেছে। তরুণদের বেকারত্বের হার ৭.২৫ থেকে বেড়ে ৮.০৭% হয়েছে। কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণের অনুপাতও বেড়েছে। অর্থাৎ, বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও উৎপাদনশীল কর্মসংস্থান তৈরি হচ্ছে না।
গত কয়েক বছর ধরে নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে শ্রমবাজারের এই দুর্বলতা বাংলাদেশের অর্থনীতিতে স্ট্যাগফ্লেশন অবস্থা বিরাজ করছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. জাহিদ।
সামনেও নেই স্বস্তির পূর্বাভাস
চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫% এবং মূল্যস্ফীতি ৭.৫%। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাসে স্বস্তির আভাস নেই। বিশ্বব্যাংক চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.৪% এবং এডিবি ৪% হওয়ার পূর্বাভাস দিয়েছে। হতাশাজনক পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সংস্থাটির অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩.২ শতাংশে; বিপরীতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াতে পারে ১০.৯ শতাংশে। অর্থাৎ, সরকারের লক্ষ্যমাত্রার সঙ্গে বাস্তব পরিস্থিতির ব্যবধান আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
লক্ষ্যের সঙ্গে বাস্তবতার বড় ফারাক
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২১-২০২৫) অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ৮.৫১ শতাংশে উন্নীত এবং মূল্যস্ফীতি ৪.৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে প্রকৃত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৩.৪৯% এবং গড় মূল্যস্ফীতি ছিল প্রায় ১০%। অর্থাৎ, পরিকল্পনার লক্ষ্যের তুলনায় প্রবৃদ্ধি ৫% পয়েন্ট কম এবং মূল্যস্ফীতি দ্বিগুণেরও বেশি।
অন্যদিকে চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৫% ও মূল্যস্ফীতি ৭.৫% ধরা হলেও আগের অর্থবছরের প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি ছিল ৪.১৪%। ফলে লক্ষ্যমাত্রা ও বাস্তবতার মধ্যে বড় ধরনের ফারাক তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংকটের অভিঘাত
বাংলাদেশের অর্থনীতির সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতিরও ভূমিকা রয়েছে। ২০২০ সালের করোনা মহামারিতে বিশ্বজুড়ে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। মহামারি-পরবর্তী সময়ে চাহিদা বাড়লেও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় পণ্য ও পরিবহন ব্যয় বেড়ে যায়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি, খাদ্যশস্য ও সারের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। আমদানিনির্ভর বাংলাদেশকে বাড়তি দামে পণ্য কিনতে হয়েছে। এর সঙ্গে ডলারের সংকট ও টাকার অবমূল্যায়ন যুক্ত হয়ে আমদানি ব্যয় এবং মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে।
বিনিয়োগএরপর মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এতে আমদানি ব্যয়ের পাশাপাশি রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার প্রবাহেও ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংকটের অভিঘাতের পাশাপাশি অভ্যন্তরীণ নীতিগত দুর্বলতা, সংস্কারের ধীরগতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনাও সংকটকে দীর্ঘায়িত করেছে।
দুর্বল রাজস্ব আয় ও ঋণনির্ভরতা
দেশের অর্থনীতির অন্যতম বড় দুর্বলতা রাজস্ব আহরণে সক্ষমতার ঘাটতি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬.৭ শতাংশ, যা পরের অর্থবছরে সামান্য বেড়ে ৬.৮ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের হিসাবেও ২০২৪-২৫ অর্থবছরে এই হার ৬.৭ শতাংশ। অর্থাৎ, অর্থনীতির আকারের তুলনায় কর আদায়ের পরিমাণ অত্যন্ত কম। এর প্রভাব পড়ছে সরকারের উন্নয়ন ও সামাজিক সুরক্ষা ব্যয়ের সক্ষমতায়। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ হাজার কোটি টাকা কম হয়েছে। রাজস্ব ঘাটতি পূরণে সরকারের ঋণনির্ভরতা বাড়ছে; একইসঙ্গে সুদ পরিশোধের চাপও সংকুচিত করছে উন্নয়ন ব্যয়ের সুযোগ।
বিনিয়োগ ও ব্যাংক খাতের সংকট
দেশে বেসরকারি বিনিয়োগের স্থবিরতার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংক ঋণের প্রবাহেও। ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য থাকলেও নতুন বিনিয়োগের জন্য ঋণের চাহিদা বাড়ছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়ায় চার লাখ আট হাজার কোটি টাকা। একই সময় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪.৪৭%। সেপ্টেম্বরে তা আরো কমে ৪.১৭ শতাংশে নেমেছে, যা ২০০৩ সালে তথ্য সংরক্ষণ শুরুর পর সর্বনিম্ন।
উদ্যোক্তাদের নতুন শিল্প স্থাপন ও ব্যবসা সম্প্রসারণে অনাগ্রহের পেছনে রয়েছে উচ্চ ঋণ ব্যয়, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, নীতিগত অনিশ্চয়তা ও দুর্বল ব্যবসায়িক পরিবেশ। ফলে ব্যাংকে অর্থ থাকলেও তা উৎপাদনশীল বিনিয়োগে যাচ্ছে না। বরং ঋণের চাহিদা কম থাকায় ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বিল ও বন্ডে অর্থ বিনিয়োগ করছে।
খেলাপি ঋণের উচ্চ হার ব্যাংকগুলোর ঝুঁকি নেওয়ার প্রবণতাও কমিয়েছে। এভাবে বিনিয়োগ স্থবিরতা, ঋণের দুর্বল প্রবাহ ও উৎপাদন সম্প্রসারণের অভাব পরস্পরকে প্রভাবিত করছে। নতুন বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থান ও উৎপাদন বাড়ছে না, যা অর্থনীতির প্রবৃদ্ধিকে আরো দুর্বল করছে।
কমছে ক্রয়ক্ষমতা, বাড়ছে দারিদ্র্য
নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির সবচেয়ে বড় চাপ পড়ছে সাধারণ মানুষের জীবনে। পণ্য ও সেবার দাম বাড়লেও আয় সে অনুপাতে বাড়ছে না। ফলে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো হিমশিম খাচ্ছে। বিশ্বব্যাংকের মূল্যায়নে ২০২৫-২৬ অর্থবছরে কর্মসংস্থান সৃষ্টি স্থবির ছিল। সংস্থাটির হিসাবে এ সময়ে প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমেছে।
মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ব্যবসায়ীরাও বাড়তি উৎপাদন ব্যয় পুরোপুরি পণ্যের দামে যুক্ত করতে পারছেন না। এতে মুনাফা কমছে, নতুন বিনিয়োগ ও কর্মী নিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি উৎপাদন সক্ষমতা ও অর্থনীতির প্রতিযোগিতার ক্ষমতা দুর্বল করতে পারে।
আওয়ামী আমলের লুটপাট ও ভুল নীতির প্রভাব
ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনামলে ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব, অনিয়ম, ঋণ জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ অর্থনীতির ভিত দুর্বল করেছে। অর্থনীতির শ্বেতপত্র কমিটির হিসাবে ২০০৯-২০২৩ সাল পর্যন্ত বছরে গড়ে ১,৬০০ কোটি ডলার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ওই সময়ে ব্যাংক খাত থেকে ঋণের মাধ্যমে ১৮-২০ বিলিয়ন ডলার বিদেশে পাচারের কথা জানিয়েছেন।
ব্যাংক খাতে সুশাসনের অভাব, প্রভাবশালী গোষ্ঠীকে ঋণ দেওয়া এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকিতে খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতা বেড়েছে। অন্যদিকে অস্বচ্ছ ও অতিব্যয়ী উন্নয়ন প্রকল্প, ভুল বিনিময় হার নীতি এবং সময়মতো প্রয়োজনীয় সংস্কার না করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় সরকারি ঋণ ছিল দুই লাখ ৭৬ হাজার কোটি টাকা; ২০২৪ সালের জুনে তা বেড়ে ১৮ লাখ ৩২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। এর ফলে ব্যাংক খাতের আস্থা ও বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের ঋণ ও সুদ পরিশোধের দায় বেড়েছে এবং অর্থনীতির সংকট মোকাবিলার সক্ষমতা কমেছে। এর দীর্ঘমেয়াদি অভিঘাত এখনো প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থানে পড়ছে।
উচ্চ প্রবৃদ্ধির আড়ালে পরিসংখ্যান কারসাজি
আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয় ও মূল্যস্ফীতিসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের পরিসংখ্যান রাজনৈতিক স্বার্থে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর অভিযোগ রয়েছে। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের পর বিবিএসের তথ্য যাচাইয়ের কারিগরি প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। কমিটির বিশ্লেষণে দেখা যায়, সরকারি প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে বিনিয়োগ, রাজস্ব আহরণ ও কর্মসংস্থানের মতো সূচকে সামঞ্জস্য ছিল না। ফলে উচ্চ প্রবৃদ্ধির যে উন্নয়নচিত্র তুলে ধরা হয়েছিল, তার বাস্তবতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।