আন্তর্জাতিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্রের (সিমিট) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. শহীদুল ইসলামের নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় মহিপুরের খাপড়াভাঙ্গা সেতুর ওপর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে নিহতের পরিবার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা আলহাজ্ব মো. মতিউর রহমান, মহিপুর এসআরওএসবি সমিতির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, যুগ্ম আহ্বায়ক রাজিব হাওলাদার, থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মো. মিল্লাত, জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন আমির তোফাজ্জেল হোসাইন সিপাহী, কমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইয়ুম তানিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন মেধাবী কৃষিবিদ ও আন্তর্জাতিক মানের গবেষকের এভাবে নিখোঁজ হয়ে পরবর্তীতে লাশ উদ্ধারের ঘটনা অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগজনক। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। ঘটনার পেছনে অপরাধমূলক কোনো যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতিদ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, শহীদুল ইসলামের আকস্মিক মৃত্যু তার পরিবারকে গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এ ঘটনায় নিহতের বাবা মো. মতিউর রহমান শিবচর হাইওয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুঠোফোনে জানান, কৃষিবিদ শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম গত ২১ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে নিখোঁজ হন। ওইদিন ঢাকা–বরিশাল মহাসড়কের একটি এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে ২৩ জানুয়ারি বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারসহ বরিশালে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার সেরাজপুর গ্রামে।