হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুবিতে অনলাইনে ভাইভা নিয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া

প্রতিনিধি, কুবি

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য কানাডায় অবস্থানরত এক প্রার্থীর অনলাইনে মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হয়েছে। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত এই ভাইভায় ১০ প্রার্থীর মধ্যে ৯ জন সরাসরি উপস্থিত ছিলেন। অপর প্রার্থী মো. মাহফুজুর রহমান কানাডা থেকে অনলাইনে এতে অংশ নেন বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশে অবস্থানরত প্রার্থীদের অনলাইনে ভাইভায় অংশ নেওয়ার বিষয়ে কোনো পৃথক নির্দেশনা ছিল না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ৭ অক্টোবর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ৩৫টি স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ১৪টি শিক্ষক এবং ২১টি কর্মকর্তা-কর্মচারীর পদ। ২৩টি ক্যাটাগরির এসব পদের মধ্যে মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক পদ রয়েছে দুটি। আবেদনের শেষ সময় ছিল ২৬ অক্টোবর।

আবেদন শেষ হওয়ার পরপরই এসব পদে নিয়োগ কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভার আগে বিভিন্ন পদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি পদের লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নভেম্বর মাসে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পদে ভাইভা হয় ২১ নভেম্বর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পদে মোট ১০ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্যে নয়জন সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। মো. মাহফুজুর রহমান কানাডায় অবস্থান করায় অনলাইনে ভাইভায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রোফাইলেও মাহফুজুর রহমানকে মার্কেটিং বিভাগের ‘সহকারী অধ্যাপক’ এবং বর্তমানে ‘অন স্টাডি লিভ’ হিসেবে দেখানো হয়েছে। একই তালিকায় মাশিয়াত জাহিন, সাবিকুন নাহার বিপাশা ও নিশাত নিগারকেও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহফুজুর রহমান বর্তমানে কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন। এর আগে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্থায়ী সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন করা অভ্যন্তরীণ প্রার্থীদের মধ্যে তিনিও একজন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব পদকে রাজস্ব খাতের স্থায়ী পদ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত উল্লেখ থাকলেও বিদেশে অবস্থানরত কোনো প্রার্থীর অনলাইনে মৌখিক পরীক্ষা দেওয়ার বিষয়ে পৃথক কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদেশে অবস্থানরত কোনো প্রার্থীর অনলাইনে ভাইভা নেওয়ার নজির তাঁদের জানা নেই। তবে কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বা গবেষণার কাজে বিদেশে থাকা প্রার্থীদের বিশেষ পরিস্থিতিতে অনলাইনে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নজির রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, সেটি খোঁজ নিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে অনলাইনে ভাইভা নেওয়ার এ ধরনের কোনো নিয়ম নেই। তবে এটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমতাবলে নেওয়া হয়ে থাকতে পারে।’

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করিমের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘মার্কেটিং বিভাগের একজন শিক্ষক চলে যাওয়ায় সহকারী অধ্যাপক পদে একটি পদ খালি হয়েছে। সেখানে যারা লেকচারার পদ হোল্ড করে সহকারী অধ্যাপক হয়েছেন, তাঁদের প্লেসমেন্ট করার জন্যই এই নিয়োগ। এখানে অনলাইনে ভাইভা নেওয়া যায়। তাঁকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনই অনুমোদন দিয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘নিয়োগের প্রত্যেকটা কাজের জন্য সিন্ডিকেটের এপ্রোভাল নিতে হয়। এটাও সিন্ডিকেট চূড়ান্ত করবে।’

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে সিন্ডিকেটের ভূমিকা রয়েছে। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়। ফলে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পদে অনলাইনে ভাইভায় অংশ নেওয়া প্রার্থীর নিয়োগও সিন্ডিকেটের সিদ্ধান্তের পর চূড়ান্ত হবে।

তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন ভাইভার কোনো শর্ত না থাকা সত্ত্বেও বিদেশে অবস্থানরত একজন প্রার্থীকে কী প্রক্রিয়ায় অনলাইনে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে উপাচার্যের বক্তব্য অনুযায়ী, এটি যদি অভ্যন্তরীণ শিক্ষকদের প্লেসমেন্টের অংশ হয়ে থাকে, তাহলে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অন্য প্রার্থীদের আবেদন নেওয়া ও তাঁদের ভাইভায় অংশগ্রহণের বিষয়টিও কীভাবে বিবেচনা করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নিয়োগসংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ওই সভায় মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিষয়টিও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এমএইচ

ঈদগাঁওয়ে বালু নিয়ে দ্বন্দ্বে গুলিবর্ষণ, যুবলীগ নেতা আটক

উখিয়ায় ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধন

চট্টগ্রামে বাড়ছে ক্যানসার রোগী, নেই পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র

আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্দেশে মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টা, আটক ২

আরাকান আর্মির কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪১ জেলে

পশুপাখির চিকিৎসায় এগিয়ে সীতাকুণ্ড প্রাণিসম্পদ দপ্তর

মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির