চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরে রাখা শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হয় বলে জানা গেছে। মধ্যরাতে ট্রেনের গুরুত্বপূর্ণ এই যন্ত্রাংশ কেটে দেওয়ার ঘটনায় শাটল ট্রেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে নগরে অবস্থানরত শাটল ট্রেনের হোসপাইপ কেটে ফেলে দুর্বৃত্তরা। ট্রেনের ব্রেকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন পরিচালনায় জটিলতা তৈরি হয়। এর ফলে আজ মঙ্গলবার সকালে শাটল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে।
রেল কর্মকর্তারা জানান, শাটল ট্রেনের হোসপাইপ হচ্ছে ট্রেনের ব্রেকিং ব্যবস্থার একটি মূল অংশ। এটি ক্ষতিগ্রস্ত হলে ব্রেকের সঠিক বায়ুচাপ ধরে রাখা এবং পুরো ব্রেকিং-ব্যবস্থা স্বাভাবিক রাখা অসম্ভব হয়ে পড়ে। ফলে পাইপ কেটে দেওয়ার ঘটনা কেবল রেলওয়ের আর্থিক সম্পদের ক্ষতি নয়, এটি ট্রেন চলাচলের নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই শাটল ট্রেন। নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত প্রতিদিন কয়েক দফায় ট্রেন চলাচল করে। ট্রেন চলাচল বিঘ্নিত বা বন্ধ হলে শিক্ষার্থীরা সরাসরি ভোগান্তিতে পড়েন, বিশেষ করে সকালের ক্লাস ও পরীক্ষা নিয়ে তীব্র অনিশ্চয়তার সৃষ্টি হয়।
রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) তারেক মো. ইমরান বলেন, রাতে বেশ কয়েকটি ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে দ্রুত সেগুলা মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।