চাঁদপুরের মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও স্কেল তুলে দেন। প্রথম দিন বাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে।
পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার, সামিয়া আক্তার, আয়ান ও মিরাজ জানায়, ‘আমাদের হাতে খাতা ও কলম তুলে দেওয়ায় আমরা অনেক খুশি। এসব শিক্ষা উপকরণ আমাদের পড়ালেখায় কাজে লাগবে। মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার এমন উদ্যোগে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে চাই। এজন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।’
মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনিছুর রহমান খান জামান বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিয়ান আহম্মেদ সুজন মিয়াজি, সহসভাপতি রতন ঢালী, দপ্তর সম্পাদক সিহাব সিকদার, কোষাধ্যক্ষ সজিব আহমেদ সরকার, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ সোহাগ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আল সায়াদী প্রমুখ।
এমই