কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, গত বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া সংলগ্ন এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। এ পরিপ্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
এ সময় নৌকা থেকে আনুমানিক ৭ থেকে ৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়া বনের ভেতরে অবস্থান নেয়। তারা বেড়িবাঁধ পার হওয়ার সুযোগের অপেক্ষায় ছিল। এদিকে বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়া বনের দিকে এগিয়ে গেলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে যায়।
বিজিবির পাল্টা ফায়ারের মুখে মাদক কারবারিরা পানিতে ভাসমান অবস্থায় বস্তাগুলো ফেলে নৌকাযোগে দ্রুত মিয়ানমারে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবি অধিনায়ক আরও জানান, একই দিন রাত সাড়ে ১১টার দিকে পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামের আরেক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশপ্রেম, পেশাদারত্ব, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
তিনি টেকনাফ ও উখিয়া এলাকার মাদক কারবারিদের অবস্থান ও তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন বিজিবি অধিনায়ক।