কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন দীর্ঘ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। টানা প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম শেষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটির বিশেষজ্ঞ দল।
এর আগে বৃহস্পতিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে মূল অভিযান শুরু করা হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়। শুক্রবার সকাল ৭টায় পুনরায় অভিযান শুরুর পরিকল্পনা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে ত্রুটি মেরামত, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে পুনরায় অভিযান শুরু হয়।
বাপেক্স সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে গত ১৪ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করেছে। প্রতিদিন প্রায় ১৯ ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্ন প্রস্তুতি ও কারিগরি কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের প্রক্রিয়া অনুসরণ করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরবর্তী ধাপে সিমেন্ট প্রয়োগের মাধ্যমে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জ্বলন্ত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা। দেশীয় প্রযুক্তি ও বাপেক্সের নিজস্ব দক্ষতায় অভিযান সফল হওয়ায় সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। অথচ বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হলে এ কাজে ব্যয় হতে পারত ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, এ অভিযানে বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের নিজস্ব প্রযুক্তি ও কারিগরি সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জিত হলো। তবে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার কাজ সম্পন্ন হলেই পুরো কার্যক্রমের চূড়ান্ত সমাপ্তি ঘটবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, দীর্ঘ ৩১ দিন পর ইনানীতে গ্যাসের আগুন বাপেক্সের বিশেষজ্ঞ দলের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ কাজে সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।