নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিত্যদিনের মতোই চলাচল স্বাভাবিকভাবে করছে দূর পাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন। নিষিদ্ধ সংগঠনের কাউকেই দেখা যায়নি মহাসড়কে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত দাউদকান্দির টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন অংশে যান চলাচল ও লোকজনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। দাউদকান্দি বলদা খালের কনফেকশনারী দোকানদার সোহান বলেন, প্রতিদিনের ন্যায় আমরা স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসাযয়িক কাজ পরিচালনা করছি।
কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো আজকেও সবকিছু স্বাভাবিক । যান চলাচল মানুষের চলাচল এবং মানুষের কাছে মনে হচ্ছে না যেন আজকে কিছু ডেকেছে কেউ ।
বুড়িচং উপজেলার নিমসার বাজারের ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, পাইকারি বাজারে অন্যান্য দিনের মতোই ক্রেতারা এসেছেন । বিক্রি ও অন্যান্য দিনের মত ।
চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছেন কাভার্ডভ্যান চালক ফরহাদ হোসেন। তিনি বলেন, রাত একটায় চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি । সকাল সাতটায় চান্দিনা এসেছি । রাস্তার কোথাও কোনো সমস্যা হয়নি ।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সারারাত আমরা কুমিল্লা মহানগর এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেছিলাম । নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি । আমাদের অঙ্গ সংগঠনগুলো মাঠে আছে । যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত । দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব ।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান বলেন, যেকোনো অরাজকতা প্রতিহত করতে আইস-শৃঙ্খলা বাহিনী টহলে আছে । ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকায় কোন ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি ।