হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনার কথিত প্রত্যাবর্তন ঘিরে সহিংসতার শঙ্কা, অক্ষত ছাত্রলীগের অস্ত্রভান্ডার

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক অস্ত্র থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অস্ত্রের বড় অংশের বর্তমান অবস্থান ও ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিভিন্ন স্থানে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রধারীদের তৎপরতা নতুন করে ভাবিয়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

গোয়েন্দা সূত্রের দাবি, নগরীতেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। কারো হাতে ছিল বিদেশি পিস্তল, কারো হাতে শটগান। কেউ ব্যবহার করেছেন কাটা বন্দুক, কেউ আবার পাকিস্তানি ওয়ান শুটারগান দিয়ে একাই ২৮টি গুলি ছুড়েছেন। নগরের মুরাদপুর, বহদ্দারহাট, নিউমার্কেট ও আসকার দিঘির পাড়ে এসব অস্ত্রের প্রকাশ্য ব্যবহার দেখা যায়। ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অস্ত্রধারীদের শনাক্তও করে পুলিশ। সেসব অস্ত্র পূর্ণাঙ্গ উদ্ধার না হওয়ায় উদ্বেগ বাড়ছে।

এসব হামলায় চট্টগ্রাম নগরে প্রাণ হারান অন্তত ১৫ জন। তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত, ফার্নিচারের দোকানের কর্মচারী মো. ওমর ফারুক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া।

বহদ্দারহাট ও মুরাদপুর এলাকাতেই নিহত হন আটজন। আহত হন কয়েকশ মানুষ। কিন্তু এসব হত্যাকাণ্ডে ব্যবহৃত অধিকাংশ অস্ত্রের সন্ধান এখনো মেলেনি। নগর পুলিশের (সিএমপি) শনাক্ত করা ৪৬ অস্ত্রধারীর মধ্যে গত বছরের জুলাই পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি ২৭ জন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হামলায় ব্যবহৃত মাত্র দুটি বিদেশি পিস্তল উদ্ধার হয়।

অন্যদিকে ৫ আগস্ট নগরের আটটি থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হয় ৯৪৪টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে ৭৯৬টি উদ্ধার হলেও বাকি ১৪৮টির হদিস নেই। অর্থাৎ আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র এবং রাষ্ট্রীয় অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার—দুই ক্ষেত্রেই বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। স্বভাবতই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, জুলাই-আগস্টে গুলি চালিয়ে মানুষ হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলো কোথায়? আর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে থাকা পাঁচ শতাধিক অস্ত্র কোথায়?

মানবাধিকারকর্মী ও আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, অস্ত্রগুলো উদ্ধারে সরকারকে আরো তৎপর হতে হবে। তা না হলে সহিংসতার শঙ্কা থেকেই যায়।

জানতে চাইলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী আমার দেশকে বলেন, জুলাই আন্দোলনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ থেমে নেই। নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অনেক অস্ত্র উদ্ধারও হয়েছে। এ ক্ষেত্রে পুলিশের কোনো সাফল্য নেই, এমনটা বলা যাবে না। আর নিষিদ্ধ ছাত্রলীগের যেসব নেতাকর্মী পুলিশকে হুমকি দিচ্ছে, তাদের আমরা গুরুত্ব দিচ্ছি না। সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশ সব সময় কঠোর ও সক্রিয় রয়েছে।

জুলাই-আগস্টে প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার

চব্বিশের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালাতে দেখা যায়। সাবেক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ও যুবলীগের হেলাল আকবর চৌধুরী বাবররা প্রকাশ্যে গুলি ছোড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তাদের হাতে পিস্তল ও শটগান ছিল। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়।

একই সময়ে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের কয়েকজন ব্যক্তিকেও গুলি করতে দেখা যায়। ১৮ জুলাই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময়ও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। দিনভর আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। পরে নিহত অটোরিকশাচালক শহিদুল ইসলামের শরীরে শটগান ও বন্দুকের গুলির আঘাতের তথ্য তদন্তে উঠে আসে। পুলিশ আদালতে দেওয়া অভিযোগপত্রে তার শরীরে ১০টি গুলি লাগার কথা উল্লেখ করে।

৪ আগস্ট নগরের নিউমার্কেট, সিআরবি ও আসকার দিঘির পাড় এলাকায় সংঘর্ষের সময়ও প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার হয়। নিউমার্কেট এলাকায় মুখে মাস্ক ও হাতে শটগান নিয়ে গুলি চালাতে দেখা যায় মো. শামীম নামে একজনকে। আসকার দিঘির পাড়ে সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সঙ্গে থাকা ফরহাদুল ইসলাম চৌধুরী ওরফে রিন্টুকে শটগান হাতে দেখা যায়। একই সময়ে তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তির কোমরে অস্ত্র গোঁজা অবস্থায় দেখা গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এসব ঘটনায় পিস্তল, শটগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে ব্যবহারের চিত্র সামনে আসে।

৪৬ অস্ত্রধারী শনাক্ত, ২৭ জনের হদিস নেই

ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সিএমপির অপরাধ বিভাগ ৪৬ অস্ত্রধারীকে শনাক্ত করে। গত বছরের ১৯ জুলাই পর্যন্ত তাদের মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব ও পুলিশ। বাকি ২৭ জন ছিলেন পলাতক। অস্ত্রধারীদের বিরুদ্ধে কোতোয়ালি, পাঁচলাইশ, চান্দগাঁও, ডবলমুরিং ও হালিশহর থানায় মামলা হয়েছিল। মুরাদপুরে ১৬ জুলাই পিস্তল হাতে দেখা যায় যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরকে। কাটা বন্দুক হাতে দেখা যায় মো. ফিরোজকে। শটগান হাতে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. দেলোয়ার। পিস্তল হাতে দেখা যায় যুবলীগ কর্মী এনএইচ মিঠু ও মো. জাফরকে। তাদের মধ্যে ফিরোজকে গ্রেপ্তার করা হলেও অন্যদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি।

বহদ্দারহাটে ১৮ জুলাই পিস্তল হাতে দেখা যায় মহিউদ্দিন ফরহাদ, জালাল ওরফে ড্রিল জালাল, জামাল, ঋভু মজুমদার ও মিজানকে। শটগান হাতে ছিলেন যুবলীগ কর্মী মো. তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি পাকিস্তানি ওয়ান শুটারগান দিয়ে ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি ছুড়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হলেও ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। ৪ আগস্ট নিউমার্কেট ও সিআরবি এলাকায় মোস্তফা কামাল ও ইকবাল হোসেন নামের দুজনকে প্রকাশ্যে গুলি ছুড়তে দেখা যায়। তারা সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ওরফে বাহাদুরের অনুসারী। আসকার দিঘির পাড়ে শটগান হাতে দেখা যায় ফরহাদুল ইসলাম চৌধুরী ওরফে রিন্টুকে।

পিস্তল, শটগান ও কাটা বন্দুক ব্যবহার

অনুসন্ধানে আন্দোলনের সময় ধারণ করা ছবি ও ভিডিওতে তিন ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার স্পষ্ট হয়েছেÑপিস্তল, শটগান ও কাটা বন্দুক। এসব অস্ত্রের মধ্যে বিদেশি পিস্তলও ছিল। পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুই অস্ত্রধারীর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছিল। এছাড়া বহদ্দারহাটে ব্যবহৃত পাকিস্তানি ওয়ান শুটারগান বা শাটারগানের কথা তদন্তে এসেছে। এটি এক ধরনের একনলা আগ্নেয়াস্ত্র, যা দিয়ে একবারে একটি গুলি ছোড়া যায়।

প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের যেসব ছবি পাওয়া গেছে, সেগুলোর কয়েকটিতে লম্বা নলবিশিষ্ট অস্ত্র দেখা যায়, যেগুলো শটগান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি ছবিতে বাঁকানো ম্যাগাজিনযুক্ত রাইফেলের মতো অস্ত্র দেখা যায়। একটি অস্ত্র কাপড়ে মোড়ানো থাকায় সেটির ধরন শনাক্ত করা সম্ভব হয়নি।

চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের আটটি থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। এসব স্থাপনা থেকে ৯৪৪টি আগ্নেয়াস্ত্র এবং ৮৬ হাজার ৪৭৮ রাউন্ড গুলি লুট করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭৯৬টি উদ্ধার হয়েছে। এখনো ১৪৮টি অস্ত্রের সন্ধান মেলেনি। উদ্ধার হয়েছে ৫৬ হাজার ৮৫৬ রাউন্ড গোলাবারুদ। বাকি ২৯ হাজার ৬২২ রাউন্ড গুলির হদিস নেই।

লুট হওয়া অস্ত্রের মধ্যে পিস্তল, রাইফেল, সাবমেশিনগান ও শটগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। এসব অস্ত্রের কিছু পরবর্তী সময়ে অপরাধীদের কাছ থেকে উদ্ধার হয়েছে। গত বছরের ১৮ জুন পাহাড়তলী থানা থেকে লুট হওয়া একটি ৭.৬২ মিমি পিস্তল পেশাদার ছিনতাইকারী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমের কাছ থেকে উদ্ধার করে পুলিশ।

চলতি বছরের ১৬ জুন কোতোয়ালি থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধারের তথ্য পাওয়া যায়। একই বছরের জুলাইয়ে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি ৯ মিমি পিস্তল উদ্ধার হয়। ১৮ অক্টোবর ডবলমুরিংয়ে পুলিশের আরেক অভিযানে উদ্ধার করা হয় লুট হওয়া একটি টরাস পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি তাজা গুলি। আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল।

পুলিশের এসব অভিযানে স্পষ্ট হয়েছে, থানা থেকে লুট হওয়া অস্ত্রের কিছু অংশ অপরাধীদের হাতে পৌঁছেছে। এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে উদ্ধার না হওয়া ১৪৮টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ কার হাতে, কোথায় রয়েছে—তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে পাঁচ শতাধিক অস্ত্র থাকার তথ্য পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন থানায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাঠে নামার পরিকল্পনার কথা জানা গেছে। পুলিশ সূত্রের দাবি, প্রথমে প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং পরে অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা রয়েছে। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে অস্ত্র মজুত থাকার বিষয়টি জিজ্ঞাসাবাদে কেউ স্বীকার করেননি বলে জানিয়েছেন পুলিশের এক উপকমিশনার।

আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্দেশে মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টা, আটক ২

আরাকান আর্মির কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪১ জেলে

পশুপাখির চিকিৎসায় এগিয়ে সীতাকুণ্ড প্রাণিসম্পদ দপ্তর

মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতের হুঁশিয়ারি

পটিয়ায় ভেটেরিনারি কলেজ করার ঘোষণা দিলেন এমপি এনাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ২

ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬