চাঁদপুর বড় স্টেশনে চট্টগ্রামগামী ট্রেনে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক নারী যাত্রীর ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় স্টেশনের প্ল্যাটফর্মে ফরিদগঞ্জের বাসিন্দা ফাতেমা আক্তারের মালামাল ছিনতাই হয়। এ ঘটনায় তার ভাইয়ের করা মামলার ছায়া তদন্তে নেমে ডিবি পুলিশ চাঁদপুর থেকে জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) ও রাব্বি হোসেনকে (২৪) গ্রেপ্তার করে।
পরে ৭ নভেম্বর কিশোরগঞ্জের মাইজকান্দি থেকে জাহিদ ওরফে গরু জাহিদকে (২১) গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদপুর বড় স্টেশনের বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে ও নদীতে পন্টুনের সুড়ঙ্গ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর আজ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএইচ