কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলেসহ আরো তিনজন আহত হয়েছেন। আহত ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নুরুল আবছার (৪৫) ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দরগাহপাড়া এলাকার মমতাজ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ঈদগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নুরুল আবছার, তার ছেলে ও আরও দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পিতা-পুত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই নুরুল আবছারের মৃত্যু হয়।
মঙ্গলবার মাগরিবের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির।
তিনি জানান, নিহতের ছেলের অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে একজনের মৃত্যুর খবর লোকমুখে শুনেছেন, তবে অফিসিয়ালি এখনো কেউ বিষয়টি নিশ্চিত করেনি বলে জানান তিনি।