‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকার, মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের গবাদিপশু উৎপাদনে গুরুত্ব দিতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সচেতনতা ও প্রাণিসম্পদ বিভাগের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা। উখিয়ায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা খামারিদের নিয়মিত পরামর্শ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি। নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধি এবং রোগমুক্ত প্রাণিসম্পদ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।