হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-৪ আসনের কেন্দ্রগুলোতে যৌথবাহিনীর টহল, সিসি ক্যামেরায় কড়া নজরদারি

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতো চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও ভোটগ্রহণকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ইতোমধ্যে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তায় ১২৪টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল থেকে পর্যায়ক্রমে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়। প্রশাসন সূত্র জানায়, ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব উপকরণ যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রভিত্তিক ভোটকক্ষ প্রস্তুত, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক লজিস্টিক ব্যবস্থাপনাও সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের প্রতিটি কেন্দ্রকে ঝুঁকির মাত্রা বিবেচনায় নিরাপত্তা বেষ্টনীতে আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এসব ক্যামেরা উপজেলা প্রশাসনের সরাসরি মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে ১০০ ইঞ্চি আকারের একটি বড় টিভি স্ক্রিন, যেখানে একসঙ্গে ৬৪টি ক্যামেরার লাইভ দৃশ্য দেখা যাবে।

প্রয়োজনে নির্দিষ্ট কোনো কেন্দ্র নির্বাচন করলে সেই কেন্দ্রের সরাসরি ভিডিওচিত্র স্ক্রিনে প্রদর্শিত হবে। ফলে ভোটগ্রহণ চলাকালে কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুল ইসলাম নিজেই মনিটরিং কার্যক্রম তদারকি করবেন। তিনি বলেন,

প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। ভোটগ্রহণের জন্য প্রশাসন শতভাগ প্রস্তুত। যেকোনো অনিয়ম প্রতিরোধে যৌথবাহিনী মাঠে রয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা সার্বক্ষণিক কেন্দ্র পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

ভোটগ্রহণ শেষে দ্রুত ফলাফল সংগ্রহ, একত্রিকরণ ও প্রকাশের লক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রভিত্তিক ফলাফল সেখানে এনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রয়োজনীয় জনবল, প্রযুক্তিগত সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের সামনে ও আশপাশে যৌথবাহিনীর টহল জোরদার রয়েছে। সেনা, বিজিবি ও পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।

সব মিলিয়ে চট্টগ্রাম-৪ আসনে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এখন অপেক্ষা ভোটারদের সক্রিয় অংশগ্রহণের—যাদের রায়েই নির্ধারিত হবে এ আসনের আগামী দিনের জনপ্রতিনিধি।

কেন্দ্র পাহারায় বিএনপি–জামায়াত, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা চট্টগ্রাম-৪ আসনের ভোটারদের

হান্নান মাসউদের সমর্থকদের বিরুদ্ধে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপি নেতা এ্যানির গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ আটক শ্যামল মুক্ত

টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি

চাঁদপুর-৪ আসনে বিদ্রোহী প্রার্থীর প্রতিনিধির কারাদণ্ড

চট্টগ্রাম বন্দরের ১৪ শ্রমিকনেতাকে সাময়িক বরখাস্ত

বিএনপি নেতা এ্যানির ব্যক্তিগত সহকারী ১৫ লাখ টাকাসহ আটক

মিরসরাইয়ে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ