নাতনিকে দেখতে হাসপাতালে যাওয়া হলো না নানা মোবারক হোসেনের (৬০)। রাস্তা পারাপারের সময় তিনি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ভূমি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
মোবারক হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত হজি মোখছেদুর রহমান ছেলে।
বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদ।
নিহত মোবারক হোসেনের ছেলে ইমাম হোসাইন জানান, আমার বোন তাফসিয়া আক্তার কুমিল্লা সদর হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন। নাতনিকে দেখতে বাবা মোবারক হোসেন কুমিল্লায় যাওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় চৌদ্দগ্রাম বাজারে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, মোবারক হোসেনের লাশ বুধবার ভোরবেলায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেডএম