কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার
কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার করা এক লাখ ইয়াবা ট্যাবলেট গায়েবের অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছিল। তবে পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের হিসাব নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনায় পুলিশের অভ্যন্তরে তদন্ত শুরু হলে কোতোয়ালি থানার ওসির বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের অভিযোগ সামনে আসে।
ঘটনার প্রেক্ষাপটে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ওসি আফতাব উদ্দিনকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমএইচ