সীতাকুণ্ডে নিরাপত্তা মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার লক্ষে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের অন্তর্গত সীতাকুণ্ড উপজেলায় প্রস্তুতিমূলক নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সলিমপুর ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এ মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতা সরাসরি প্রদর্শন করা হয়।
মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. ফাহিমের নেতৃত্বে পরিচালিত এ মহড়ায় নিয়মিত টহল কার্যক্রম, নিরাপত্তা বলয় সৃষ্টি, সন্দেহভাজন পরিস্থিতি শনাক্তকরণ এবং সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক কৌশল প্রদর্শন করা হয়।
নিরাপত্তা মহড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
এ সময় মহড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফাহিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য যৌথবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আজকের এ মহড়া আমাদের সার্বিক প্রস্তুতিরই একটি অংশ।
নিরাপত্তা মহড়া ঘিরে স্থানীয় জনগণের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ ধরনের মহড়া সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনের আগে উপজেলার বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম চলমান থাকলে ভোটাররা আরও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের প্রত্যাশা, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ছাড়াই জনগণ নির্বিঘ্নে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবে, এমনটাই আশা করছেন এলাকাবাসী।