চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন নারী ভোটাররা। দীর্ঘ সময় তীব্র রোদে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েই বাইরে এসেই সেল্ফীতে মেতে ওঠছেন নারী ভোটাররা । ভোটের উচ্ছ্বাসের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মুহুর্তগুলোকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনকে ট্যাগ দিয়ে লিখছেন মনের নানা অনুভূতি।
বৃহস্পতিবার বেলা দশটায় নগরের লালখান আয়শা রা: মহিলা মাদ্রাসা কেন্দ্রে জীবনের প্রথম ভোটটি দেন চট্টগ্রাম-১০ আসনের ভোটার মোছাম্মৎ আয়শা আক্তার। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ভোটার হয়েছি বহু আগে। কিন্তুু বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারিনি ৷ এ জন্য মনের মধ্যে আক্ষেপ ছিল। আজ যখন ভোট দিতে আসলাম একটু নার্ভাস ছিলাম ৷ জুলাই বিপ্লব ভোটের সুযোগ করে দিয়েছে। তাই আজ জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
এসময় নিজে থেকেই অভিব্যক্তি প্রকাশ করতে এগিয়ে আসলেন সাজেদা আক্তার নামে এক নারী ভোটার । তিনি জানান, দীর্ঘ সময় লাইনে ছিলাম। অনেকে ভোট নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তুু শেষ পর্যন্ত আমরা ভোট দিতে পেরে আনন্দিত।
নগরের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার রিমি আক্তার জানান, আমাদের অনেক কষ্ট হয়েছে ভোট দিতে। দুটি ব্যালট থাকায় ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে । এরপরও শেষ পর্যন্ত ভোট দিতে পেরেছি।
এসময় বেশ কয়েকজন নারীকে সেল্ফীতে তুলদে দেখা যায়৷ তারা বলেন, বহুদিনপর ভোট দিলাম। ভোটের আনন্দকে স্মরণীয় করে রাখতে সেল্ফিবাজি হচ্ছে।
এদিকে নগরের বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । প্রায় সবকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সেনাবাহিনী, পুলিশ র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। তবে ভোটারদের অভিযোগ ভোট গ্রহণে সময় নিচ্ছে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসাররা বলছেন,দুটি ব্যালট থাকায় ও ভোটারদের অনেকেই ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে না জানায় তাদেরকে বুঝানোর প্রয়োজন হচ্ছে। এতে ভোট দিতে কিছুটা সময় লাগছে।
এমই