হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাঁড়িপাল্লা সমর্থকদের ওপর হামলা ও দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি

ফেনীতে নির্বাচন-পরবর্তী সহিংসতা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর পৃথক স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মুন্সিরহাট বাজার এলাকায় জামায়াত-সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর অন্তত পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হলে দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় উপজেলা শাখা কৃষক দলের সভাপতি মো. আবু আহমেদ আবু ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মো. সুমন (৪৫), হেলাল (৪২), বেলাল (৪৫) ও মো. ইলিয়াস (৪২)-এর নাম উল্লেখ করে ১০-১২ জনকে আসামি করে ভুক্তভোগী আনোয়ার হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন।

ফুলগাজী থানা-এর ওসি এস এম মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক জয়নাল আবেদীন দুলালের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল পরিচয়ধারী কয়েকজনের বিরুদ্ধে। আহত দুলাল হীরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ ঘটনায় উত্তর জায়লস্কর গ্রামের অহিদুর রহমানের ছেলে মোহাম্মদ হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে ছেলের ওপর হামলার খবর শুনে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুলালের মা রৌশন আরা বেগম স্ট্রোক করে মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে।

নির্বাচন-পরবর্তী সহিংসতার অংশ হিসেবে ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি নুরুজ্জামানের তিনটি খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাগলনাইয়া পৌর জামায়াত-এর আমির মুফতি মাওলানা মির্জা আবদুল হান্নান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে জামায়াত কর্মীকে দাড়ি ধরে লাঠিপেটা, স্ত্রীকে হেনস্তার দাবি

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না

হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর

চট্টগ্রামে জামানত হারালেন ইসলামী আন্দোলনের সবাই

দেশের সব সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন দাবি মেয়র শাহাদাতের

জামায়াতকর্মীর দোকানে আগুন, হত্যাচেষ্টার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী ইঞ্জিনিয়ার শ্যামল

পাঁচ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন বিএনপির বিজয়ী প্রার্থী

কক্সবাজার-৪: পঞ্চমবারের মতো বিজয়ী শাহজাহান চৌধুরী

একই গ্রামের তিনজন নির্বাচিত সংসদ সদস্য