হোম > সারা দেশ > ঢাকা

সামাজিক ইফতার বন্ধে পুলিশ পাঠালো বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল বন্ধ করতে থানায় অভিযোগ দিয়ে পুলিশ পাঠানোর অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে মৌখিকভাবে ইফতার আয়োজন স্থগিত রাখার নির্দেশ দেয়। পুলিশ জানায়, সেখানে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরে আয়োজকরা থানার সঙ্গে যোগাযোগ করেন।

আয়োজকরা জানান, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার বাড়িওয়ালা, গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ রশীদ বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সামাজিক উদ্যোগ। হঠাৎ পুলিশ এসে অনুষ্ঠান না করার কথা জানায়। পরে তারা জানতে পারেন, স্থানীয়ভাবে আপত্তি তোলা হয়েছে। তার দাবি, বিদ্যুৎ মামুনের পক্ষ থেকেই আপত্তির বিষয়টি আসে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মিজানুর রহমান নামে একজন থানায় একটি লিখিত অভিযোগের কপি জমা দেন। বিষয়টি যাচাই করতে পুলিশ পাঠানো হয়। তদন্তে দেখা যায়, এটি একটি সামাজিক ইফতার অনুষ্ঠান এবং সেখানে রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। আয়োজকদের অনুষ্ঠান চালিয়ে যেতে বলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নেই।

অভিযোগদাতা হিসেবে নাম আসা মিজানুর রহমান বলেন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন তার চাচা। তার কথায় তিনি অভিযোগপত্র জমা দেন। তিনি শুরুতে অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা পাননি বলেও জানান। এছাড়া অভিযোগ পত্রে বিএনপি নেতা মামুনের মোবাইল নাম্বারও দেয়া রয়েছে বলে জানান তিনি।

তবে আব্দুল্লাহ আল মামুন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, ইফতার মাহফিল বন্ধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি কোনো অভিযোগ দেননি। বরং তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সংগঠনের সভাপতি ইউসুফ রশীদ রাজনৈতিকভাবে বিতর্কিত এবং সংগঠন দখল করে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার দাবি, ইউসুফ নির্বাচিত কমিটির সদস্য নন এবং প্রবাসে অবস্থান করেও সংগঠনের কার্যক্রমে যুক্ত আছেন।

ইফতার আয়োজন ঘিরে সম্ভাব্য সংঘর্ষের প্রসঙ্গে বিদ্যুৎ মামুন বলেন, আওয়ামীলীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার আশঙ্কা ছিল। তবে বিএনপির কোন গ্রুপ অনুষ্ঠান বন্ধে আপত্তি তুলেছে, তা খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ভিডাব্লিউবি চালের বস্তায় শেখ হাসিনার নাম ঘিরে বিতর্ক

গাজীপুরে পৃথক স্থানে দুইজনের আগুনে পোড়া লাশ উদ্ধার

স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

১০ লাখ তরুণের কর্মসংস্থান করা হবে: আইসিটি মন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার আসামি গৌরীপুরে গ্রেপ্তার

মব সৃষ্টি করে অযথা হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন

তিন মাসের বকেয়া পরিশোধ না করেই বন্ধ কারখানা, শ্রমিকদের বিক্ষোভ

সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫