নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ‘ফারহান অ্যাগ্রো প্রসেসর’ নামে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঝাউগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদ (৩৫) ওই এলাকার কামাল উদ্দিন মৃধার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় আবুল কালাম আজাদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উল্লেখ, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় খাদ্য ব্যবসায়ীর দায়িত্ব ও বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আইন অনুযায়ী খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তাবিধি এবং শর্ত মানা প্রত্যেক খাদ্য ব্যবসায়ীর জন্য বাধ্যতামূলক। এসব বিধান লঙ্ঘন করলে আইনে অর্থদণ্ডসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।