নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম আনোয়ার হোসেন। তিনি পুলিশের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
রোববার রাত ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, হাশেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে তাঁর মরদেহ পড়ে ছিল। পথচারীরা লাশ দেখতে পেয়ে রাত ১১টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও শনাক্ত করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ‘সাদা পোশাকে তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।’
তিনি আরো জানান, ‘হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। এই নৃশংস হামলার পেছনে কোনো চিহ্নিত মাদক কারবারি চক্র জড়িত রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন জানান, একটি ঘটনার তদন্তের জন্য সাদা পোশাকে একাই ঘটনাস্থলে গিয়েছিলেন কনস্টেবল আনোয়ার হোসেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার পরিচয় জানতে পেরে ছুরিকাঘাতে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে কনস্টেবল আনোয়ার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে লক্ষ্য করেই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমই