হোম > সারা দেশ > ঢাকা

মৃত্যুর দুই বছর পর নাশকতা মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি: সংগৃহীত

মৃত্যুর দুই বছর পার হলেও পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার মামলার আসামি হয়েছে গাজীপুরের শ্রীপুরের সাবেক দুই জনপ্রতিনিধি। তাদের একজন পৌরসভার সাবেক কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

জীবিত না থাকা সত্ত্বেও সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তাদের আসামি করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায়ও আলোচনা তৈরি হয়েছে।

গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় মোট ১১১ জনকে আসামি করা হয়েছে। তাদের তালিকার ৯১ নম্বরে রয়েছেন শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগর। অথচ তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা গেছেন। তার বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে।

একই মামলার ১০৪ নম্বর আসামি গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী। বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর প্রায় দুই বছর পর করা মামলায় তাদের দুজনকেই আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এতে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে প্রধান আসামি করা হয়েছে।

মৃত আলী আজগরের জামাতা ফজলে রাব্বী বলেন, ‘একজন মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাকে মামলার আসামি করা হয়? বিষয়টি খুবই দুঃখজনক। এতে তাদের পরিবার কষ্ট পেয়েছে। এখন বিষয়টি কীভাবে মীমাংসা হবে, তা-ও বুঝতে পারছি না।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে মামলা করা হয়েছে, এতে অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা তদন্ত করা হচ্ছে এবং দুজনের নাম চূড়ান্তভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে।’

এমই

টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত

যে কারণে গোপালগঞ্জে বিকাশ-নগদের লেনদেন ব্যাহত, বিপাকে গ্রাহকরা

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার

ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু

কালিয়াকৈরে আন্দোলনের নামে অরাজকতা চলবে না

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির পাঙাশ মাছ

সানাই বাজবে: সাত পাকে বাঁধা পড়বে বট-পাকুড় গাছ

গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অতিরিক্ত পুলিশ সুপার

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১