ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রাজপথে অংশ নিয়ে ১৭০টি গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলুমা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আ. গফুর। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। কেউ তার পাশে দাঁড়াচ্ছেন না। জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি আ. গফুরের যন্ত্রণার অধ্যায়।
প্রতিটি দিন, প্রতিটি রাত যেন তার কাছে একেকটি অসহনীয় যুদ্ধ। শরীরের বিভিন্ন অঙ্গে এখনো প্রায় ১৭০টি গুলি বহন করছেন তিনি। রাত যত গভীর হয়, ব্যথা ততই বাড়ে। চিকিৎসার অভাবে দিন দিন বাড়ছে শারীরিক জটিলতা। একসময় যিনি নিজের ঘাম ঝরিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন, আজ তিনি নিজেই অন্যের সহানুভূতির দিকে তাকিয়ে থাকেন।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলুমা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আ. গফুর জীবিকার তাগিদে নরসিংদীর বাবুরহাট এলাকার শেখেরচরে ভ্রাম্যমাণভাবে কলা বিক্রি করতেন।
গফুর জানান, ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি, দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০২৪ সালের ২০ জুলাই তিনি আন্দোলনের মিছিলে যোগ দেন। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শ্রমিক হাছেন মিয়ার লাশ নিয়ে মিছিল বের হলে পুলিশ ও বিজিবি নির্বিচারে গুলি চালায়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আ. গফুর।
বর্তমানে তিনি জুলাইযোদ্ধা হিসেবে মাসে ১০ হাজার টাকা ভাতা পান। কিন্তু নরসিংদীর মতো এলাকায় বাসাভাড়া, ওষুধ ও আট সদস্যের সংসারের খরচ চালাতে এ অর্থ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গ্রামেও তাদের নিজের কোনো জমিজমা বা বসতভিটা নেই। চার ছেলে ও চার মেয়ের জনক গফুরের সংসারে এখন অভাবই নিত্যসঙ্গী। কান্নাজড়িত কণ্ঠে আ. গফুর বলেন, ‘দেশের জন্য রাস্তায় নেমেছিলাম। ভাবিনি জীবনের বাকি সময়টা এভাবে অসহায় হয়ে কাটাতে হবে। শরীরের ব্যথা যেমন সহ্য করতে পারি না, তার চেয়েও বেশি কষ্ট হয় পরিবারের মুখের দিকে তাকালে। কাজ করতে পারি না।