গাজীপুরের টঙ্গীতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ এক পরিবারের দুজন এবং আরেক ভাড়াটিয়াসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— খুলনার কয়রা থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠি জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার সুমন ও মনিরা আক্তার দম্পতির ছেলে আরাফাত (৬)। তারা দাঁড়াইল পশ্চিম পাড়ার জুতার ফ্যাক্টরি সংলগ্ন জাহানারা বেগমের টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ভাড়াটিয়া মো. তরিকুল ইসলামের কক্ষের ভেতরে থাকা রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে এবং পাশের কক্ষের ভাড়াটিয়া মনিরা আক্তার ও তার ছেলে আরাফাতের রুমে ছড়িয়ে পড়ে। এতে ওই তিনজনই গুরুতর অগ্নিদগ্ধ হন।
বিস্ফোরণের শব্দ ও চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়া এবং স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করেন।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।