ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্বাচনি জনসভায় মানুষের অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা গেছে।
শামা ওবায়েদের নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথায় সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা জনস্রোত থেকে জনসমুদ্রে পরিণত হয়। দুপুরের পর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকেরা সভাস্থলে মিছিল করে উপস্থিত হতে থাকে। এসময় বিদ্যালয় ও আশপাশের এলাকা ব্যাপক লোকসমাগম ঘটে। মাঠে জায়গা না পেয়ে অনেকেই ভবনের ছাদে দাড়িয়ে যায়।
জনসভা ঘিরে পথে পথে স্লোগান, করতালি ও ফুলেল শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ধানের শীষের প্রতি সমর্থন জানান। অনেকেই মিছিলে অংশগ্রহণ করেন। অনেকেই শামা ওবায়েদের বক্তব্য শোনার জন্য উপস্থিত হন সভাস্থলে।
জনসভায় শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আমার বাবা নেই, আপনারাই আমার মুরব্বি, আপনারই আমার ভাই-বোন। আমি আপনাদের সেবা করার জন্য সুযোগ চাই। আমার বাবার মত আমিও আমৃত্যু আমি আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সালথা নগরকান্দার প্রতিটি মসজিদ মাদ্রাসায় সংস্কার করা হবে। সালথা নগরকান্দার প্রতিটি মাদ্রাসার ভাই বোনেরা যাতে ভালো থাকে তার দায়িত্ব আমার। এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ করা হবে।
তিনি আরো বলেন, ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। দলমত নির্বিশেষে সকলেই ধানের শীষে ভোট দিবেন। বিএনপির কাছে সকল ধর্ম, দল, মত নিরাপদ। সম্মানিত আলেম উলামারা শুধুমাত্র ধানের শীষের পতাকাতলে নিরাপদ।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহীন মাতুব্বর, খন্দকার খায়রুল বাশার আজাদ প্রমুখ।