টাঙ্গাইলের মির্জাপুরে বাউল গান শোনা কেন্দ্র করে বিরোধের জেরে রবিউল হোসেন (১৯) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকার একটি পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকায় রাজিব চাঁনের বাড়ির বার্ষিক ওরস মাহফিলে বাউল গান শুনতে যান রবিউল ও তার বন্ধুরা। রাত আনুমানিক ৮টার দিকে গান শোনার একপর্যায়ে গেড়ামারা-গোহাইলবাড়ী এলাকার কয়েকজন তরুণের সাথে তাদের ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি হয়। ওই ঘটনার পর থেকেই রবিউল নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার দুপুরে আড়াইপাড়া এলাকার একটি গভীর নলকূপসংলগ্ন পুকুরে রবিউলের ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের চাচা রেজাউল করিম অভিযোগ করে বলেন, "ভাতিজা রবিউলের বন্ধুদের কাছে শুনেছি, বাউল গান শুনতে গিয়ে গেড়ামারা-গোহাইলবাড়ী এলাকার কিছু তরুণের সাথে ওর ঝগড়া হয়। আমাদের দৃঢ় ধারণা, তারাই রবিউলকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হবে।"
মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।