কুষ্টিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
বিকেল পৌনে ৪টায় আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। তিনি জানান, বাইপাস সড়কের কুষ্টিয়া ষ্টোর নামক ফিলিং স্টেশনের সামনে তরল গ্যাসবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ৩জন নিহত হন পরে হাপসপাপতাল চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জন মারা যান। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহতরা হলেন- সদর উপজেলার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৪) ও কমেলা খাতুন (৬৩), আমেনা খাতুনের মেয়ের স্বামী সিএনজিচালক জাকারিয়া সরকার (৪১), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৭) ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২১)।
স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার দুপুর ২টার দিকে ঘটনাস্থলে বাইপাস সড়কের ত্রিমোহনী থেকে বটতৈল গামী যাত্রী বোঝাই একটি সিএনজির সাথে বটতৈল থেকে ত্রিমোহনী গামী তরল গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান।
এদিকে বিকেল সোয়া ৪টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিহতদের লাশ দেখতে গিয়ে জেলা প্রশাসক ইকবাল হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, নিহতদের পরিবারের সদস্যদের বিআরটিএর মাধ্যমে সরকারিভাবে ৫ লাখ টাকা করে দেয়া হবে।