জেলা প্রশাসক কুষ্টিয়ায় বদলি হয়ে আসার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২০ থেকে ৩০ কোটি টাকা প্রদান করেছেন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জনসম্মুখে প্রকাশ করতে সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ওই দুর্নীতিবাজদের নাম প্রকাশ করে অথবা তাদের আইনের হাতে তুলে দিয়ে ঘুষ ও দুর্নীতি মুক্ত দেশ গঠনে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। সোমবার রবিউল ইসলাম নামে এক যুবদল নেতার পক্ষে নোটিশটি পাঠান আইনজীবী আব্দুল মজিদ।
এ তথ্য নিশ্চিত করে সোমবার রাতে এ্যাড. আব্দুল মজিদ আমার দেশকে বলেন, এর আগেও সদর আসনের সংসদ সদস্য আমির হামজাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। আজ উনাকে (আমির হামজা) “বর্তমান ডিসি সাহেব বদলি হয়ে কুষ্টিয়া আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন” এই বক্তব্যের কারণে আবারও আইনি নোটিশ দেওয়া হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, “আমার মক্কেল এর পক্ষে অত্র লিগ্যাল নোটিশ দ্বারা আপনাকে অবগত করা যাইতেছে যে, আপনি একজন সংসদ সদস্য এবং ইসলামী বক্তা হইতেছেন। আপনি জানেন যে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ ও দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞা বন্ধ হইয়া নিরলস কাজ করিয়া যাইতেছেন।
কিন্তু আপনি গত ২৭/০৩/২০২৬ খ্রি. তারিখে হরিপুর জামে মসজিদে জুম্মার নামাজের খুৎবার আগে উপস্থিত মুসল্লিদের সম্মুখে বক্তব্য প্রদান করেন যে, ‘কুষ্টিয়ার বর্তমান ডিসি সাহেব বদলী হয়ে কুষ্টিয়া আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন’। আপনার উক্ত বক্তব্য বিভিন্ন দৈনিক পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে আপনার ছবি ও ভিডিও সহ আপনার বক্তব্যের অংশ ফলাওভাবে প্রকাশিত হইয়াছে। যাহাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হইয়াছে এবং আপনার এ জাতীয় বক্তব্যে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হইয়াছে।
এমতবস্থায় অত্র লিগ্যাল নোটিশ দ্বারা আপনাকে বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে যে, অত্র নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে আপনি, কুষ্টিয়া ডিসি সাহেব কুষ্টিয়ায় বদলি হয়ে আসার জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২০ থেকে ৩০ কোটি টাকা প্রদান করেছেন, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করিয়া আইনের হাতে তুলে দিয়ে ঘুষ ও দুর্নীতি মুক্ত দেশ গঠনে সহযোগিতা করিয়া কুষ্টিয়াবাসীকে প্রদত্ত অঙ্গীকার রক্ষায় যথাযথ দায়িত্ব পালনে যথেষ্ট ভূমিকা রাখিবেন।
এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইলে ফোন দিলে রিসিভ করেননি তিনি। পরে আমার দেশের পক্ষে ক্ষুদে বার্তা পাঠালেও উত্তর দেননি তিনি।